দু’পক্ষের সমঝোতা
আমির হামজার মাহফিল © টিডিসি ছবি
প্রশাসনের মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে ও একই স্থানে আয়োজন করা জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল এবং মাদকবিরোধী সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। সমঝোতা অনুযায়ী, রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে অনুষ্ঠিত হয়েছে আমির হামজার মাহফিল। অন্যদিকে স্থগিত করা হয়েছে মাদকবিরোধী সমাবেশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকে কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মাহফিলের কার্যক্রম শুরু হয়। বিকেলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। মাগরিবের নামাজের আগেই মাহফিলের কার্যক্রম শেষ হয়।
জানা যায়, শুক্রবার একই সময়ে ও একই স্থানে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল এবং ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশের প্রচারে ইজিবাইকে মাইকিং করা হয়। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার রাতে জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালেবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। সেখানে তাঁরা জানান, যেকোনো পরিস্থিতিতেই তাঁরা মাহফিল আয়োজন করবেন। এরপর মাদকবিরোধী সমাবেশের পক্ষ থেকেও শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
দু’পক্ষের এমন অবস্থানের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন উদ্যোগ নেয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতাদের থানায় ডেকে বৈঠক করেন। বৈঠকে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক বক্তব্য পরিহার করে মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বার্ষিক অনুষ্ঠান ও মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে বিকেলে প্রধান বক্তা মুফতি আমির হামজার বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের মূল পর্ব অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা ওলিউর রহমান।
উল্লেখ্য, মাহফিল আয়োজনের প্রশাসনিক অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। গত ১১ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, মাহফিলের আয়োজক ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর আবেদন অনুমোদন করা হয়নি। আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হলে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানায়। এ কারণে প্রশাসন মাহফিলের অনুমতি দেয়নি।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, গত ২৩ অক্টোবর মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন তাঁরা। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হয় এবং পরবর্তী সময়ে অনুমতিপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁরা অনুমতিপত্র পাননি।
তবে প্রশাসন ও দু’পক্ষের মধ্যে সমঝোতার ফলে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।