ভাত দে, কাপড় দে নয়তো একটু বিষ দে– এ স্লোগানকে সামনে রেখে শিশুসন্তান ও সহধর্মিণীকে নিয়ে নরসিংদীতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন পাটকল শ্রমিকরা। একই সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতাপেটা করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ইউএমসি জুট মিল শ্রমিকরা এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারও শ্রমিক অংশ নেন। এ সময় মিলের সব ধরনের উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
.jpg?1574851573576)
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফের টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবি না মানায় সরকারের তীব্র সমালোচনা করেন তারা।
এ সময় পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শ্রমিকরা। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, ননসিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।