শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে পুলিশে দিল স্থানীয়রা © সংগৃহীত
রাজধানীর তুরাগে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত মুখোশ পরে মিছিল করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর দুপুরে ধউর এলাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ধউর এলাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত মুখোশ ও বিভিন্ন ফেস্টুন ছিল।
খবর পেয়ে তুরাগ থানার এসআই মতিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)। ইয়াসিনের কাছ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি মুখোশ এবং রিফাতের কাছ থেকে ‘আমি দোকানদার আমিই জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত মুখোশ পরা ছাত্রলীগের ওই কর্মীকে মারধর করছেন স্থানীয় কয়েকজন। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে নেওয়া হয়। এসময় মুখোশ পরা অবস্থায় ছিল ওই কর্মী।