চলতি বছর দেশের সব বেসরকারি খাতে কর্মরত কমীদের বেতন ১০ শতাংশ হারে বাড়বে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত মার্শ অ্যান্ড ম্যাকলেনান কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান মার্সার ‘বাংলাদেশ টোটাল রেম্যুনারেশন সার্ভে (টিআরএস) শীর্ষক’ এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে বাংলাদেশে পরিচালিত গবেষণার ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনটি সোমবার প্রকাশ করা হয়।
দেশের ভেতরে ভোগ্য পণ্য, লাইফ সায়েন্স, কেমিকেল ম্যানুফ্যাকচারিং, হাই-টেক সেক্টর, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল সেক্টরের ৯০টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর এই জরিপটি পরিচালনা করে মার্সার। স্বাস্থ্য, সম্পদ ও ক্যারিয়ার অগ্রগতিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মার্সার ৪৪টি দেশের ২৩ হাজারের বেশি কর্মী নিয়ে ১৩০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
জরিপ প্রতিবেদনের বিষয়ে মার্সার’র লিডার-ক্যারিয়ার অ্যান্ড রিজিওনাল প্রাকটিস লিডার ওয়ার্কফোর্স রিওয়ার্ডস-এএমইএ শান্তি নরেশ বলেন, বিগত ৩ বছর ধরে শক্তিশালী অর্থনীতি ও ধারাবাহিক ৭ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি হওয়ায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে প্রতিভার প্রতিযোগিতার ফলে দেশটির কর্মসংস্থান ডাবল ডিজিট হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে জনবল নিয়োগের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অফিসে কর্মী সংখ্যা কমে গেলে সেটা মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে উঠছে।