ফেসবুক লাইভে মো. বেলাল উদ্দিন © সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে মো. বেলাল উদ্দিন নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিবিরহাট বাজারের মাংস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। আহত বেলাল উদ্দিন ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা। তিনি ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন। আটক মোহাম্মদ আলমের বাড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে আসেন বেলাল উদ্দিন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানান তিনি। তার অভিযোগ, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আলম তাকে ছুরিকাঘাত করেছেন।
বেলাল উদ্দিনের দাবি, প্রায় এক মাস আগে মোহাম্মদ আলমকে ইয়াবা ও মদসহ আটক করেন স্থানীয়রা। ওই ঘটনার একটি ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। এরপর থেকেই তার ওপর ক্ষুব্ধ ছিলেন আলম। শুক্রবার দুপুরে বিবিরহাটের মাংস বাজারে তাকে একা পেয়ে শরীরের বিভিন্ন স্থানে একের পর এক ছুরিকাঘাত করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, আহত বেলাল উদ্দিনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেলাল উদ্দিনের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।