বাংলাদেশ কর্ম কমিশন © ফাইল ফটো
৪০তম বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহীরা পিএসসির ওয়েবসাইটের (bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd) মাধ্যমে বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সেখানে প্রদত্ত তিনটি ক্যাডার ক্যাটাগরীর যে কোন একটি পছন্দ করে প্রার্থীরা তাদের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যানকপি আপলোড করতে হবে।
আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে সংখ্যা আরও বাড়তেও পারে।
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসেও লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাঁদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন।