পুলিশ আন্দোলনকারীদের শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মূল ফটকের ভেতরে আটকে রাখে © সংগৃহীত
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চলমান আন্দোলনের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গিয়েছে। অন্তত সাতজনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন আন্দোলনরতদের কয়েকজন।
বাংলাদেশ ছাত্র পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শাহবাগে অবস্থান ধর্মঘট শুরুর কথা ছিল। সকালে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। পরে সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ গণগ্রন্থাগারের মূল ফটক আটকে দেয়। আন্দোলনকারীরা ফটক টপকে-ভেঙ্গে সড়কে আসার চেষ্টা করে। এরপর পুলিশ সেখান থেকে তাদের ধাওয়া দেয় ও কয়েকজনকে আটক করে।
বাংলাদেশ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা ছয় বছর ধরে অহিংস আন্দোলন করে আসছি। আজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। এতে বাধা দেয়া হয়েছে।’
এ বিষয়ে রমনা জোনের এডিসি আজিমুল হক বলেন, রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সে জন্য এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ কারণে তাদের বলা হয়েছিল কর্মসূচি পরে করতে। নিরাপত্তার স্বার্থে তাদেরকে বাধা দেয়া হয়েছে। আটকের বিষয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদশেষে কেউ দোষী প্রমাণিত না হলে ছেড়ে দেয়া হবে।