বাংলাদেশ পুলিশে এসআই (সাব ইনস্পেক্টর) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার পুলিশ হেডকোয়াটার্স ফলাফলের এ তালিকা প্রকাশ করে। এতে ২ হাজার জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়েবসাইটে (www.police.gov.bd) ফলাফল দেখা যাবে।
পুলিশ হেডকোর্য়াটার্সের এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নিয়োগের নিমিত্তে মৌলিক প্রশিক্ষণে প্রেরণের জন্য ২০০০ জন প্রার্থীকে সিলেকশন বোর্ড সাময়িকভাবে সুপরিশ করেছে।
উত্তীর্ণদের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া শর্ত:
১। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর ১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ও সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রেরণ করা হবে।
২। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকৃত প্রার্থীদের শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
উল্লেখ্য, শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে যোগদানের তারিখ হতে ২ (দুই) বছর চাকরিকাল সফলভাবে সম্পন্নের পর বিধি মোতাবেক তাকে স্থায়ী করা হবে।
৩। বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির মাধ্যমে সম্পন্ন করা হবে। এছাড়া রেঞ্জ ডিআইজি নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম গ্রহণের জন্য স্থান নির্ধারণ করবেন এবং প্রার্থীদের যথাসময়ে অবহিত করবেন।