© সংগৃহীত
চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা। সোমবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মামুন হোসেনসহ কয়েক হাজার শিক্ষক এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন।
মানববন্ধন শিক্ষকরা জানান, গত ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও সেকায়েপ কর্তৃপক্ষ চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের পাঠদান চালিয়ে যাওয়ার কথা বলে। পাশাপাশি এসিটি ম্যানুয়ালের ৩৬ নং ধারা অনুযায়ী প্রকল্পের মেয়াদ শেষে এসব শিক্ষকদের এমপিওভুক্তকরণ করার কথাও বলা হয়। এই আশ্বাসের ৯ মাস পেরিয়ে গেলেও স্থায়ীকরণ করা হয়নি। তাছাড়া ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না তারা।
অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, বিশ্ব ব্যাংক এবং সরকারের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (সেকায়েপ) কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রতিটি শিক্ষক ২০১৫ সাল থেকে প্রায় ২০টি করে ক্লাস নিয়ে যাচ্ছেন। সারাদেশের ২১০০ প্রতিষ্ঠানে ৫ হাজার ২০০ জন অতিরিক্ত শিক্ষক আছেন। নিয়োগপ্রাপ্ত এই শিক্ষকদের সবার ফলাফল প্রথম শ্রেণির।
এসিটি অ্যাসোসিয়েশন সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণের যৌক্তিক ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমরা চাই, শিক্ষার্থীদের কথা ভেবে, শিক্ষকদের কথা ভেবে সরকার একটা যৌক্তিক সিদ্ধান্ত নেবেন।