সাংবাদিক রোজিনার জামিন শুনানি আজ © ফাইল ছবি
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলার জামিন শুনানি হবে আজ। বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিক রোজিনা ইসলামের করা প্রতিবেদনগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট। একজন পেশাদার নারী সাংবাদিকের বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। রোজিনা ইসলামের একটি শিশু সন্তান রয়েছে, তাছাড়া তিনি শারীরিকভাবে অসুস্থ। সার্বিক বিবেচনা করে আমরা আশা করছি, আজ (বৃহস্পতিবার) রোজিনা ইসলাম জামিন পাবেন।’
এর আগে গত মঙ্গলবার (১৮ মে) পুলিশের করা করা রিমাণ্ড আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। এসময় জামিন শুনানির জন্য আজ (২০ মে) দিন ধার্য করেন।
আরও দেখুন: সাংবাদিক সমাজকে সরকারের মুখোমুখি করার অপচেষ্টা চলছে
প্রসঙ্গত, গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানে ৫ ঘণ্টার বেশি আটকে রেখে তাকে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়।