বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ। © সংগৃহীত
দেশবিরোধী অপশক্তি, ফ্যাসিবাদী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মতোই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসবে এটা তাদের ফাঁকা বুলি। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তির আর কোনো স্থান হবে না।
খুকৃবি সাদা দলের সভাপতি ড. মো. হাফিজুর রহমান বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
সাধারণ সম্পাদক ডা. মো. উজ্জ্বল হোসেন বলেন, পতিত শাসকগোষ্ঠীর দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড নিন্দনীয়। তিনি সরকারের ধৈর্যশীল ভূমিকার প্রশংসা করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ডা. মো. উজ্জল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিবুল করিম। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাদা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।