বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের পথে এগোতে চায় খুকৃবি

১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা © সংগৃহীত

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং বিশ্বমানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে অ্যাক্রেডিটেশন অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ‘Pathway to Accreditation in Higher Education System at Khulna Agricultural University’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এম. এ. হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আখতার হোসেন খান উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ অর্জনের প্রক্রিয়া নয়; বরং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, গবেষণা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সামগ্রিক একাডেমিক পরিবেশের মান যাচাই এবং ধারাবাহিক উন্নয়নের একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত মান নিরূপণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গুণগত মান, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বিশ্বপরিসরে পরিচিত ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় উপস্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিশন ও মিশনে বলা হয়, কৃষিশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিশ্বস্বীকৃত উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে ওঠাই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। একই সঙ্গে অভিযোজন সক্ষম, উদ্ভাবনী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন কৃষি নেতৃত্ব তৈরি, শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশ এবং সামগ্রিক একাডেমিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা মনে করেন, প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়েই অ্যাক্রেডিটেশন অর্জন সম্ভব। তাই বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬