আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি গাজীপুরে স্থানান্তরের চিন্তা

১০ নভেম্বর ২০২৬, ১১:২০ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ AM
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত ছবি

আগারগাঁওয়ে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিক সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (শেকৃবি) গাজীপুরের সালনায় স্থানান্তরের চিন্তা করা হচ্ছে। ১৯৬৫ সালে নেওয়া একটি পরিকল্পনার ভিত্তিতেই নতুন করে এ উদ্যোগ এগিয়ে নিচ্ছে সরকার।

গাজীপুরের সালনায় শেকৃবির জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ দিয়েছে সরকার। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো স্থানান্তরের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। অন্যদিকে, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠে নতুন সচিবালয় নির্মাণে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০২৯ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনায় ইতোমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রস্তাবিত স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। তবে প্রকল্পের ব্যয়সহ চূড়ান্ত প্রস্তাব এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের নীতিগত অনুমোদন দেওয়ার পর মন্ত্রণালয় প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির বিষয়ে বৈঠক করে। সেখানে প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ৪ হাজার ২০০ কোটি টাকা প্রাক্কলনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে গণপূর্তমন্ত্রী প্রকল্পের ব্যয় ৪ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখার নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনার পর সংশোধিত ডিপিপি তৈরির কাজ শুরু হয়েছে।

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের পাশাপাশি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগও রয়েছে সরকারের।

তবে নতুন সচিবালয়ের জন্য আগারগাঁওকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের মতে, আগারগাঁওয়ে যানজট ক্রমেই বাড়ছে। সেখানে সচিবালয় নির্মাণ হলে শহরের গুরুত্বপূর্ণ একটি খোলামেলা জায়গা হারিয়ে যাবে। পাশাপাশি এলাকার সড়ক নেটওয়ার্কও সীমিত। এসব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। বিকল্প হিসেবে পূর্বাচল নিউ টাউনকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

এদিকে, স্থাপত্য অধিদপ্তরের এক প্রতিবেদনে শেরেবাংলা নগরে শেকৃবির অবস্থান ও জমির ব্যবহার নিয়ে আপত্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জায়গাটিকে অনুমতি ব্যাতিরেকে ধান গবেষণা মাঠ হিসেবে ব্যবহারের জন্য সাইনবোর্ড ও দড়ি দিয়ে দখল করেছে, যা অনৈতিক ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড। এছাড়া, কোনও প্রতিষ্ঠান বিনা অনুমতিতে এভাবে কোনো সরকারি জমি দখল করার এখতিয়ার রাখে না।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার জমির ব্যবহারভিত্তিক দৃষ্টিকোণ থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একক একটি বিশেষায়িত বিষয়ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য উক্ত জমি অপ্রতুল। সুতরাং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অধিকতর উপযোগী গাজিপুরের সালনাতে বরাদ্দকৃত জমিতে স্থানান্তর এবং বিদ্যমান জমিতে লাইন আই কানের মূল নকশা অনুসারে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিভিক ফিজিক্যাল সেন্টার নির্মাণ অধিকতর উপযোগী এবং যৌক্তিক সিদ্ধান্ত বলে স্থাপত্য অধিদপ্তর মনে করে।’

এ বিষয়ে স্থাপত্য অধিদপ্তর বলেছে, ‘জোনাল প্লানিং অক্ষুন্ন রেখে শেরেবাংলা নগরে কৃষি বিশ্ববিদ্যালয়কে স্থানান্তর করা যেতে পারে এবং সচিবালয়ের জন্য নির্ধারিত জমি সংরক্ষণ আবশ্যিক, নতুবা প্রশাসনিক এলাকার নিরাপত্তা এবং ভূমির ব্যবহার জোনাল প্ল্যান অনুসারে নগরায়ন বিঘ্নিত হবার সম্ভাবনা রয়েছে।’

১৯৬৫ সালে আইয়ুব খানের সরকারের সময় শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন নির্মাণের কাজ শুরু হয়। সে সময় পুরোনো বাণিজ্য মেলা মাঠে তৎকালীন পূর্ব পাকিস্তান সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ১৯৮২ সালে জাতীয় সংসদ ভবনের নির্মাণকাজ শেষ হলেও সচিবালয় স্থানান্তরের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা থেকে বাণিজ্য মেলা পূর্বাচলে আয়োজন শুরু হয়। তবে ওই সরকার সচিবালয় স্থানান্তরে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুরোনো বাণিজ্য মেলা মাঠের ২৯ দশমিক ৭৯ একর জমিতে উন্মুক্ত পার্ক নির্মাণের জন্য ৮২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় গণপূর্ত মন্ত্রণালয়।

তবে সরকারের সর্বশেষ সিদ্ধান্তে উন্মুক্ত পার্ক নির্মাণের পরিকল্পনা পুরোপুরি বাতিলের পথে। ওই জমিতে আধুনিক প্রশাসনিক সচিবালয় কমপ্লেক্স নির্মাণের দিকেই এখন মনোযোগ দিচ্ছে সরকার।

সংবাদসূত্র: টিবিএস 

‎‘যারা দেশকে বারবার রক্তাক্ত করেছে, তাদের যেভাবে দমন করা প্…
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে গেল যুব উন্নয়ন কর্মকর…
  • ১০ নভেম্বর ২০২৬
৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950