বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার: গাকৃবি ভিসি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ PM
গাকৃবিতে বৃক্ষরোপন

গাকৃবিতে বৃক্ষরোপন © সংগৃহীত

প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) পালিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, 'বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার।' তিনি বলেন, কৃষি, পরিবেশ ও মানুষের কল্যাণকে সমন্বিত করে সরকার ঘোষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

গত ১১ জুলাই ২০২৬ সামার টার্মে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাকৃবিতে যোগ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সবুজায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ক্যাম্পাসকে আরও নান্দনিক ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে আবাসিক হলগুলোতে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট আবাসিক হলগুলোর সার্বিক ব্যবস্থাপনায় প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ হলে বৃক্ষরোপণ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে বৃক্ষরোপণ করা হয়। প্রতিটি হল প্রাঙ্গণে উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, সংশ্লিষ্ট হলসমূহের প্রভোস্টবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃক্ষরোপণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচিটি রূপ নেয় একটি সবুজ অঙ্গীকারে।

উল্লেখ্য, জুলাই ’২৪-এর গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনাকে চির অম্লান রাখা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ৫০ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভেষজ ও ফুলজাতীয় বৃক্ষের চারা রোপণ করেছে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬