ভর্তি পরীক্ষা © ফাইল ছবি
আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়ার কথা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আগামী সপ্তাহের মধ্যেই দিনক্ষণ চূড়ান্ত করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী দুয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তারিখ জানা যাবে।
এর আগে গত আগস্টে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, সাধারণত আমরা ডিসেম্বর মাসেই পরীক্ষা নিই। গত দুই বছরে এই মাসেই পরীক্ষা হয়েছে। কাজেই এ বছরও ডিসেম্বরেই পরীক্ষা নিব।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথম শুক্রবার তথা ৪ ডিসেম্বর দিন চূড়ান্ত হতে পারে। তবে এখনও এটি আলোচনা পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ দিনেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে ৪ ডিসেম্বর চূড়ান্ত না হলে ঢাবির ভর্তি পরীক্ষার মধ্যেই কোনো এক শুক্রবারে মেডিকেল ও ডেন্টালের পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রতিবছর মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিযুদ্ধ শুরু হয়। এ বছর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দিনক্ষণ সবার আগে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে এই প্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষা। ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর মঙ্গলবার ছাড়া বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শনিবারে। এর মধ্যে ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা রয়েছে।