ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু © ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের মোট ৮টি বিভাগীয় শহরে একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১২টা ৩০ মিনিট পর্যন্ত। প্রায় সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রগুলোতে অবস্থানরত দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিরা।
এর আগে এদিন ভোর হতে না হতেই ভর্তিচ্ছুরা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে অভিভাবকরাও এসেছেন।
চাঁদপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা আফসানা জানিয়েছেন, প্রথম ভর্তি পরীক্ষা হওয়ার কারণে কিছু ভয়-ভীতি কাজ করছে। তবে ভেতরে ভেতরে উত্তেজনাও কাজ করছে। ভর্তি পরীক্ষাটা প্রতিযোগিতার; এতে আমাকে টিকে থাকতে হবে। আশা করছি ভালো কিছু হবে।
রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিবেন।
পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
এদিকে ভিড় এড়ানোর লক্ষ্যে পরীক্ষার্থী ব্যতীত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাবি প্রশাসন।
ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার ৩ জুন থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাবি ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।