ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে ভর্তির আবেদন। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে ২০ জুন পর্যন্ত। আগামী ১১ জুলাই বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত বিষয় পেতে হলে নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:
কলা ও সমাজবিজ্ঞান ইউনিট: কলা ও সামাজবিজ্ঞান ইউনিটের মাধ্যমে মানবিক শাখার ছাত্র-ছাত্রীরা নিম্নবর্ণিত বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং যোগ্যতা থাকা বা শর্ত পূরণ সাপেক্ষে নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি হতে পারবে।
কলা ও সমাজবিজ্ঞান ইউনিটভুক্ত বিষয়সমূহ:
ক-গুচ্ছ: কলা ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহ
বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ
খ-গুচ্ছ: সামাজবিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহ
অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম
গ-গুচ্ছ: বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহ
ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্য অর্থনীতি
ঘ-গুচ্ছ: বিজনেস স্টাডিজ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমুহ
ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং
ইংরেজি অথবা বাংলা বিষয়ে ভর্তিচ্ছুদের ভর্তি-পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে। কেবল ‘গ’ ও ‘ঘ’ গুচ্ছভুক্ত বিষয়সমূহে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪০% নম্বর থাকতে হবে। উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে গণিত বিষয় থাকলে পরিসংখ্যান এবং গণিত বিষয়ে ভর্তি হওয়া যাবে। অর্থনীতি বিভাগ ও ব্যবসায় শিক্ষা ইউনিটের সকল বিভাগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিত/অর্থনীতি থাকতে হবে।
ইসলামিক স্টাডিজ বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদের দাখিল/আলিম/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/ আরবি থাকতে হবে। অন্যদিকে যারা আরবি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের দাখিল পরীক্ষায় আরবি বিষয়ে ন্যূনতম ‘বি' গ্রেড থাকতে হবে।
বিজ্ঞান ইউনিট:
ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৫ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূটি অনুযায়ী প্রণীত হবে এবং প্রত্যেক আবেদনকারীকে পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মোট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মোট নম্বর ২৫।
যে সকল শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে আবেদনকারী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান ০৪ টি বিষয়ের মধ্যে যেসকল বিষয় (সর্বোচ্চ দু'টি) অধ্যয়ন করেনি, তাদেরকে সেগুলোর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয়ে পরীক্ষা দেওয়ার শর্ত পূরণ করতে হবে।
একজন আবেদনকারী কোন বিষয়ে ভর্তি হতে পারবে তা নির্ভর করবে সে উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে কোন কোন বিষয়ে অধ্যয়ন করেছে তার উপর। বিজ্ঞান বহির্ভূত বিষয়সমূহে ভর্তির জন্যও এটি প্রযোজ্য হবে।
বিভিন্ন বিভাগে ভর্তির ন্যূনতম যোগ্যতা:
পদার্থবিজ্ঞানে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান অংশে ন্যূনতম ৫ নম্বর পেতে হবে। গণিত বিভাগে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিকে গণিত বিষয় থাকতে হবে এবং ভর্তি পরীক্ষার গণিত অংশে অন্তত ৫ নম্বর পেতে হবে। রসায়ন বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে রসায়ন ও গণিত বিষয় থাকা প্রয়োজন। পাশাপাশি ভর্তি পরীক্ষায় রসায়নে ন্যূনতম ৫ নম্বর পেতে হবে।
পরিসংখ্যান বিভাগে ভর্তির শর্ত হিসেবে উচ্চ মাধ্যমিকে গণিত বিষয় থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে কমপক্ষে ৫ নম্বর অর্জন বাধ্যতামূলক।
অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান অধ্যয়ন থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অংশে সর্বনিম্ন ৫ নম্বর পেতে হবে।
এছাড়া মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা আবশ্যক। পাশাপাশি ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫ নম্বর পেতে হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট:
বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (যেকোনো ১টি) প্রতিটি বিষয়ে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।