কাতার বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

১৮ জুন ২০২৬, ০৪:১৩ AM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০৪:২৫ AM
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপ মিশনে দারুণ শুরু পেল ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারিয়ে বড় জয় তুলে নেয় তারা। ম্যাচে জোড়া গোল করে অসাধারণ পারফরম্যান্স দেখান  ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। অন্য দুই গোল আসে জুড বেলিংহ্যাম ও মার্কাস রাশফোর্ডের পা থেকে। এই জয়ের মধ্য দিয়ে ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজয়ের প্রতিশোধও নিয়ে নিল ‘থ্রি লায়ন্স’।

বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচের ম্যাচের শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন, তবে সেই পেনাল্টিটি ছিল নাটকীয়। প্রথম প্রচেষ্টা ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ সেভ করলেও তিনি লাইনের বাইরে থাকায় রেফারি শট পুনরায় নেওয়ার নির্দেশ দেন। দ্বিতীয় সুযোগে ঠান্ডা মাথায় গোল করেন কেইন।

এরপর ক্রোয়েশিয়াও দারুণভাবে ম্যাচে ফিরে আসে। বক্সের বাইরে থেকে নেওয়া বাতুরিনার শক্তিশালী শট সোজা জালে জড়িয়ে যায়, কোনো সুযোগই পাননি ইংল্যান্ডের গোলরক্ষক।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড। ডেকলান রাইসের নিখুঁত কর্নার থেকে হেডে গোল করেন হ্যারি কেইন, এর মধ্য দিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।

তবে সেই লিড প্রথমার্ধেই আবারও হারায় ইংল্যান্ড। দারুণভাবে তৈরি করা একটি গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। অভিজ্ঞ উইঙ্গার ইভান পেরিশিচের তৈরি করা সুযোগ থেকে গোল করে ম্যাচে ২–২ সমতা ফেরান পেতার মুসা।

ডান দিক থেকে আসা একটি ক্রসে নিঃশব্দে বক্সে ঢুকে পড়েন পেরিশিচ। তিনি হেড করে বল বাড়িয়ে দেন পেছনের পোস্টে থাকা মুসার দিকে। সুযোগ বুঝে প্রথম ছোঁয়াতেই জোরালো শটে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটি ঠেকানোর চেষ্টা করলেও সেটি তার দুই পায়ের ফাঁক গলে জালে ঢুকে যায়। গোলের মুহূর্তে পেরিশিচ অফসাইডে ছিলেন কি না, তা নিয়ে কিছুটা আলোচনা দেখা গেলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) কোনো পর্যালোচনা হয়নি। ফলে গোলটি বৈধ হিসেবে গণ্য করা হয়।

এই গোলের মাধ্যমে দুর্দান্ত এক প্রথমার্ধের ইতি টানে ক্রোয়েশিয়া। একাধিক গোল, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং নাটকীয় মুহূর্তে ভরপুর প্রথম ৪৫ মিনিট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক আক্রমণে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচে যেন নতুন গতি এনে দেয় এই গোল।

ডান দিকের চ্যানেলে এলিয়ট অ্যান্ডারসনের নিখুঁত একটি পাস ধরে এগিয়ে যান জুড বেলিংহ্যাম। বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি জায়গা তৈরি করেন এবং দ্রুত গতিতে বক্সের দিকে ঢুকেও পড়েন।

এরপর ঠান্ডা মাথায় ডিফেন্ডারদের পাশ কাটিয়ে আড়াআড়ি শটে বল পাঠান গোলের দূরের কোণে। ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের নাগালের বাইরে দিয়ে বল জালে জড়িয়ে যায়। এই গোলের মাধ্যমে আবারও ৩-২ ব্যবধানে লিড নেয় ইংল্যান্ড।

এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি ইংল্যান্ড। ম্যাচের বড় অংশজুড়ে ক্রোয়েশিয়া প্রতিরোধ গড়ে ইংলিশদের কিছুটা আটকে রাখলেও শেষ পর্যন্ত ব্যবধান আরও বাড়িয়ে নেয় ‘থ্রি লায়ন্স’রা।

ম্যাচের ৮৫তম মিনিটে ব্যবধান ৪–২ করেন রাশফোর্ড। এই গোলেই কার্যত ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের।

গোলের শুরুটা করেন সাকা। রজার্সকে পাস দেন তিনি, আর রজার্সের শট ডিফ্লেক্ট হয়ে আবারও সাকার কাছেই ফিরে আসে।

এরপর সাকা মাথা তুলে বাম পাশে ফাঁকা জায়গায় থাকা রাশফোর্ডকে খুঁজে নেন। রাশফোর্ড ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে বল পাঠিয়ে দেন গোলবারের নিচের ডান কোণে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪–২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে ইংলিশরা।

ক্যারিয়ারেরসেরা ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের জার্সিতে নীরব ব…
  • ১৮ জুন ২০২৬
রোনালদোকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি
  • ১৮ জুন ২০২৬
কাতার বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
  • ১৮ জুন ২০২৬
চোখের পানি মুছতে না মুছতেই সুখবর, মাকে পাশে পাচ্ছেন ভোজিনহা
  • ১৮ জুন ২০২৬
বেলিংহ্যামের দারুণ গোলে আবারও এগিয়ে ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬
প্রথমার্ধের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতা
  • ১৮ জুন ২০২৬