ভর্তিচ্ছুদের মানতে হবে যেসব নির্দেশনা
© ফাইল ফটো
আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। দুই দিনব্যাপী এ পরীক্ষা চলবে আগামী শনিবারও (২০ নভেম্বর)।
এবার দুই শিফটে মোট চারটি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদগুলো হলো- ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স, ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
জানা গেছে, এবার দেশের ৪টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনা) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে, পরীক্ষার হলে করণীয় বিষয়ে ভর্তিচ্ছুদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও পরীক্ষার হলে কোন ধরণের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তাও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভর্তিচ্ছুদের নির্দেশনার মধ্যে রয়েছে-
১) পরীক্ষা শুরু হওয়ার ন্যূনতম ৩০ মিনিট পূর্বে স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে আসন বিন্যাস মোতাবেক আসন গ্রহণ করতে হবে।
২) প্রশ্ন উভয় পৃষ্ঠায় স্পষ্টভাবে মুদ্রিত আছে কিনা নিশ্চিত হতে হবে। উভয় পৃষ্ঠায় না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে অবহিত করতে হবে।
৩) ওএমআর এবং মূল উত্তরপত্র পাওয়ার পর নির্ধারিত স্থানে নাম ও অন্যান্য তথ্যাবলী লিপিবদ্ধ করত: স্বাক্ষর করতে হবে।
৪) ওএমআর শিটে Exam for এবং Roll Number এর বৃত্ত সমূহ যথাযথভাবে ভরাট করতে হবে। রোল নম্বর ও Exam for কোড এ কোন প্রকার ঘষামাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৫) পরীক্ষার্থীরা কোন অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীরা এ জাতীয় কোন কিছু নিয়ে আসলে তা প্রত্যবেক্ষকের সামনে জমা রাখতে হবে, ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ডিভাইস বন্ধ করে তারপর জন্য রাখতে হবে এবং পরীক্ষা শেষে নিজ দায়িত্বে নিতে হবে।
৬) প্রবেশপত্র, উত্তরপত্র এবং Attendance Sheet-এর স্বাক্ষর অবশ্যই এক হতে হবে।
৭) পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীর কাছ থেকে ওএমআর শিট ও উত্তরপত্র সংগ্রহ করার পর নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে অবস্থান করবে।
৮) পরিদর্শক প্রশ্নপত্রে স্বাক্ষর করেছেন কিনা পরীক্ষার কক্ষ ত্যাগ করার পূর্বে নিশ্চিত হতে হবে।