অবৈধ অভিবাসীদের জন্য যে সিদ্ধান্ত নিল ইউরোপের দেশগুলো

১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ PM
অবৈধ অভিবাসীদের ব্যাপারে সতর্ক হচ্ছে ইউরোপ

অবৈধ অভিবাসীদের ব্যাপারে সতর্ক হচ্ছে ইউরোপ © সংগৃহীত

অনিয়মিত অভিবাসন ঠেকাতে এবং নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে আফ্রিকার দেশ রুয়ান্ডায় অভিবাসীদের জন্য একটি ফেরত পাঠানোর কেন্দ্র (রিটার্ন হাব) গড়তে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ দেশ। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এই কেন্দ্রে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখা হতে পারে। পাঁচটি দেশ থেকে প্রায় ২০ জন করে অভিবাসী পাঠানোর পরিকল্পনা রয়েছে। খবর বিবিসির

জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস গত সেপ্টেম্বরে জানিয়েছিল, ইইউর বাইরের কোনো দেশে অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনে তারা সমঝোতার চেষ্টা করছে। এর আগে গত আগস্টে রুয়ান্ডা জানায়, এ বিষয়ে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে তাদের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ পরিকল্পনার বিস্তারিত ঘোষণা আসতে পারে। দেশগুলো আশা করছে, ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটি চালু করা সম্ভব হবে। এ কার্যক্রমে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগী ভূমিকা রাখতে পারে।

পরিকল্পনাটি অনুযায়ী, যেসব আশ্রয়প্রার্থী ইইউতে থাকার জন্য সব আইনি সুযোগ শেষ করেছেন, কেবল তাদেরই এ কেন্দ্রের আওতায় আনা হবে। যুক্তরাজ্যের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা পরিকল্পনার সঙ্গে এর পার্থক্য রয়েছে। ওই পরিকল্পনায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল।

আইনি জটিলতার কারণে যুক্তরাজ্যের পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি। পরে ২০২৪ সালে ক্ষমতায় আসা লেবার সরকার তা বাতিল করে।

পাঁচটি ইউরোপীয় দেশ দাবি করছে, অভিবাসীদের অন্য দেশে পাঠানোর এ পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এর মাধ্যমে অভিবাসীদের অধিকার লঙ্ঘিত হতে পারে। সম্প্রতি ইইউর এক সংস্কারের মাধ্যমে জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচন সামনে রেখে অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের ওপর চাপ বাড়ছে। নিরাপত্তা, অর্থনৈতিক সংকট এবং ক্ষমতাসীন দলগুলোর প্রতি মানুষের অসন্তোষ—এসব বিষয়ও নিজ দেশ ছেড়ে আসা মানুষের বিষয়ে জনমত গঠনে প্রভাব ফেলছে।

হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ক্লেমেন্টিন দে মন্টজয় বলেন, রুয়ান্ডাকে এ কেন্দ্রের জন্য বেছে নেওয়া উদ্বেগের বিষয়। তার ভাষ্য, দেশটির বিরুদ্ধে ভিন্নমত দমনের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। এ ছাড়া নির্বিচারে আটক, বন্দিশালায় দুর্ব্যবহার এবং প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সশস্ত্র বিদ্রোহীদের সমর্থনের অভিযোগও রয়েছে।

তিনি বলেন, ‘নির্বাসিতদের রাখার কর্মসূচি পরিচালনার জন্য কিগালিকে অর্থ দেওয়া হলে তা শুধু ফেরত পাঠানো ব্যক্তিদের দুর্ভোগ ও ক্ষতির কারণ হবে না, বরং দেশের ভেতরে ও বাইরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী একটি সরকারকে অর্থায়ন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে।’

ইইউর স্বাধীন সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস বলেছে, রিটার্ন হাব পরিচালনাকারী যেকোনো তৃতীয় দেশকে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে, কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নির্যাতন বা নিপীড়নের গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন। অভিভাবকহীন শিশুদের এ ধরনের কেন্দ্রে পাঠানো উচিত নয় বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইইউর সীমান্ত দিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৯ শতাংশ কম।

গত অক্টোবরে প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ সংখ্যা প্রায় ৬ শতাংশ কম হলেও সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলত পশ্চিম আফ্রিকার রুট দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন হঠাৎ বেড়ে যাওয়ায় এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
এক এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, সংসদে জানালেন মন্ত্রী 
  • ১৬ নভেম্বর ২০২৬
তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন বন্ধ করতে ইউএনওর চিঠি…
  • ১৬ নভেম্বর ২০২৬
অবৈধ অভিবাসীদের জন্য যে সিদ্ধান্ত নিল ইউরোপের দেশগুলো
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী
  • ১৬ নভেম্বর ২০২৬