ইউরোপিয়ান ইউনিভার্সিটি
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে © সংগৃহীত
রাজধানীর গাবতলীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ইইউবি) প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক-কর্মচারী নিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসক বোর্ড। বর্তমান ও সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যদের একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দায়িত্ব নিয়ে গঠিত বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের দাবি, বোর্ডের কিছু সিদ্ধান্তের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে তৈরি হয়েছে জটিলতা।
মালিকানা নিয়ে মামলা চলমান থাকা, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি এবং প্রয়োজনের তুলনায় স্থায়ী ক্যাম্পাসের জমির পরিমাণ কম—এই তিনটি কারণ দেখিয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নামের পাশে তিনটি লাল তারকা চিহ্ন প্রদর্শন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এসব সমস্যা সমাধানে আটটি শর্তে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর গঠন করে সরকার। গত ৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামকে বোর্ডের চেয়ারম্যান করা হয়।
বোর্ডে আরও তিনজনকে সদস্য হিসেবে রাখা হয়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের সাবেক ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুরুল আলম। এ ছাড়া রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা পদাধিকারবলে বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।
তবে বোর্ড গঠনের পর এর কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, বোর্ডের কিছু সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও নিয়োগে অনিয়মের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও অর্থ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এসব বিষয়ে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীদের একটি অংশ বেশ কিছুদিন ধরে বোর্ডের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যদের অভিযোগ, প্রশাসক বোর্ডকে আটটি শর্তে নিয়োগ দেওয়া হলেও তারা সেসব শর্ত যথাযথভাবে অনুসরণ করছে না। তাদের দাবি, ২০ জনের বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কোনো ধরনের নোটিশ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আগে দুর্নীতির অভিযোগে বাদ দেওয়া কয়েকজন কর্মকর্তা ও অ্যালামনাই সদস্যের জন্য নতুন পদ সৃষ্টি করে নির্ধারিত নিয়মের বাইরে বেতন কাঠামো ঠিক করে নিয়োগ দেওয়া হয়েছে।
বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর (বিওএ) আমাকে নিয়োগ দিতে বলেছে, আমি নিয়োগ দিয়েছি। এটি বৈধ নাকি অবৈধ, আমি জানি না।— অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা, উপাচার্য
এ ধরনের নিয়োগের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা বলেন, “বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর (বিওএ) আমাকে নিয়োগ দিতে বলেছে, আমি নিয়োগ দিয়েছি। এটি বৈধ নাকি অবৈধ, আমি জানি না।”
অভিযোগকারীদের দাবি, প্রশাসক বোর্ডের কার্যক্রমের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কাউকে কাউকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে গঠিত বোর্ডের কার্যক্রম নিয়ে অসন্তোষের পাশাপাশি শিক্ষার্থী ভর্তির সংখ্যাও কমেছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে আসা তথ্য ও নথিপত্রে দেখা গেছে। এসব নথি বিশ্লেষণে দেখা যায়, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের আগে সামার সেমিস্টারে বিশ্ববিদ্যালয়টিতে ৮৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। বোর্ড দায়িত্ব নেওয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০৬ জনে।
এ ছাড়া কোনো নিয়োগপ্রক্রিয়া অনুসরণ না করে প্রশাসক বোর্ড নিজেদের সিদ্ধান্তে ১০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বোর্ডের নিয়োগসংক্রান্ত শর্তে এ ধরনের নিয়োগ দেওয়া বা কাউকে সাময়িক বরখাস্ত করার ক্ষমতা দেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করে এসব নিয়োগ দেওয়ার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে মাত্র এক দিনের মধ্যে নতুন করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে বোর্ড।
বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্য শরিফ আহমেদের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, তাকে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের এক মাসের মাথায় তার বেতন স্কেল প্রায় দ্বিগুণ করা হয়েছে বলেও নথিপত্র পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।
প্রশাসক বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে রায় নিয়ে বৈধভাবে আমি, আমার ছেলে আহমেদ ফরহাদ খান এবং আমাদের মামলার ব্যারিস্টার বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু ওই দিনই আমার নামে নাশকতার মামলা করা হলো। আদালতের রায় জানাতে সংবাদ সম্মেলন করতে গিয়ে নাশকতার মামলা খেলাম। জোর করে বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে প্রশাসক বোর্ড হাইকোর্টের রায়কেও অবমাননা করল। এসব বিষয়ে বলতে গেলে হয়তো আবারও মামলা খাব।— ড. মকবুল আহমেদ খান
সংশ্লিষ্টদের অভিযোগ, শিক্ষার্থীদের টিউশন ফির অর্থ ব্যবস্থাপনায়ও অনিয়ম হচ্ছে। হাতে আসা নথিপত্রে বিওএর কনভেন্স বিলসহ লিগ্যাল ফি বাবদ প্রতি মাসে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে শরিফ আহমেদের বিরুদ্ধে। এসব বিষয়ে কথা বলার কারণে কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন পদত্যাগ করা এক কর্মকর্তা।
এ বিষয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিওএ এবং তাদের নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীরা যা খুশি সেটাই করছেন। ইচ্ছেমতো শিক্ষক বাদ দিচ্ছেন, দেখার কেউ নেই। যত ধরনের অপকর্ম আছে, সবগুলোই তারা করছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের গাড়ি বাসায় নিয়ে গিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।’
সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘চলমান সমস্যা নিরসনে কাজ করছি। দ্রুত সমাধান হবে, ইনশাল্লাহ।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান বলেন, ‘প্রশাসক বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে রায় নিয়ে বৈধভাবে আমি, আমার ছেলে আহমেদ ফরহাদ খান এবং আমাদের মামলার ব্যারিস্টার বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু ওই দিনই আমার নামে নাশকতার মামলা করা হলো। আদালতের রায় জানাতে সংবাদ সম্মেলন করতে গিয়ে নাশকতার মামলা খেলাম। জোর করে বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে প্রশাসক বোর্ড হাইকোর্টের রায়কেও অবমাননা করল। এসব বিষয়ে বলতে গেলে হয়তো আবারও মামলা খাব।’
অন্যদিকে, বাবা-ছেলের আগের দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করাসহ বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ নভেম্বর বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে উপাচার্য বরাবর সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো—
১. ইউজিসির আরোপিত রেড স্টার এখনো প্রত্যাহার না হওয়ার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট জটিলতা প্রকাশ করতে হবে এবং প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২. শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয়ের সব সচল লিফট অবিলম্বে চালু ও নিয়মিত সচল রাখতে হবে।
৩. শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসসেবা পুনরায় চালু করতে হবে।
৪. শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে এবং যথাসময়ে বেতন নিশ্চিত করে ভালো শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে ধরে রাখার কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৫. বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়, টিউশন ফি থেকে প্রাপ্ত অর্থ, ব্যাংক হিসাব, অর্থ উত্তোলন ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে। অর্থ আত্মসাতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
৬. নিয়োগে অনিয়মের সঙ্গে জড়িত এবং বিধিবহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
৭. বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগপ্রক্রিয়া, যোগ্যতা ও নিয়োগের বৈধতা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অবৈধ নিয়োগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিলসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপি দেওয়ার সময় সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যায় কাজ করছি। কিন্তু নিয়োগ বৈধ নাকি অবৈধ, আমি জানি না। প্রশাসক বোর্ড আমাকে নিয়োগ দিতে বলেছে, আমি নিয়োগ দিয়েছি।’
উপাচার্যের এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।
এ সময় তারা উপাচার্যকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো মামলা বর্তমানে চলমান নেই। জমি কেনা বাবদ টাকাও দেওয়া হয়েছে কয়েক বছর আগে। শিক্ষার্থী ভর্তি বেশি হওয়ার অভিযোগ তো দূরের কথা, এখন শিক্ষার্থীই ভর্তি হচ্ছে না। তাহলে এখনো কেন তিন তারকা চিহ্ন প্রত্যাহার হচ্ছে না? প্রশাসক বোর্ড এসেছিল সমস্যা সমাধান করে তিন তারকা চিহ্ন প্রত্যাহারের জন্য। কিন্তু এ বিষয়ে তাদের কোনো উল্লেখযোগ্য কর্মকাণ্ড আমরা দেখছি না, উল্টো তাদের কোনো মাথাব্যথাই নাই। এদিকে আমাদের বাস বন্ধ, লিফট বন্ধ, উন্নয়নমূলক সব কর্মকাণ্ড বন্ধ।’
এ সময় শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি বাস্তবায়নে তিন কার্যদিবসের সময়সীমা বেঁধে দেন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
আইন বিভাগের শিক্ষার্থী মসিউর রহমান রাঙ্গা বলেন, “আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনোভাবেই অন্যায় কিছু হতে দেব না। শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীরা আদায় করে নেবে। আমাদের বিশ্ববিদ্যালয় আমরা রক্ষা করব।”
বিশ্ববিদ্যালয়ের বর্তমান বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন যখন আসে, তখন আমাদের অবৈধভাবে দেওয়া বহিষ্কারাদেশ তিন দিনের মধ্যে প্রত্যাহার করার কথা বলে এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস দেয়। কিন্তু সাত মাস হতে চলল, এখন পর্যন্ত কিছুই করেনি। হাইকোর্ট থেকে নিজের টাকা খরচ করে বহিষ্কারাদেশ তুলে আনতে হলো কেন? এর জবাব চাই।
একই বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন জয় বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন যখন আসে, তখন আমাদের অবৈধভাবে দেওয়া বহিষ্কারাদেশ তিন দিনের মধ্যে প্রত্যাহার করার কথা বলে এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস দেয়। কিন্তু সাত মাস হতে চলল, এখন পর্যন্ত কিছুই করেনি। হাইকোর্ট থেকে নিজের টাকা খরচ করে বহিষ্কারাদেশ তুলে আনতে হলো কেন? এর জবাব চাই।”
বিশ্ববিদ্যালয়ে চলমান বিশৃঙ্খলা এবং কিছু শিক্ষার্থীর অ্যাক্টিভিজম নিয়েও উদ্বেগ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মধ্যে এলএলএমের শিক্ষার্থী তানজিম হোসেন অন্তর বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা টাকা দিয়ে পড়তে আসি। কয়েক দিন আগেও কিছু শিক্ষার্থী প্রায়ই ক্যাম্পাসে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করেছে। আমি স্টুডেন্ট, আমি করব লেখাপড়া। বিওটি কিংবা বিওএ নিয়ে আমাদের কেন মাথা ঘামাতে হবে? আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে বিচরণ করতে চাই, বিশৃঙ্খলা চাই না।’
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর (প্রশাসক বোর্ড) চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসের পরিচয় পেয়ে কথা বলতে রাজি হন নি। এছাড়াও বোর্ডের সদস্য ও ঢাবির ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন সাংবাদিক পরিচয় শুনে কথা বলতে চাননি।