কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত
আন্তর্জাতিক বিরতিতে আপাতত বন্ধ আছে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো। মাঠের খেলা ও ফলাফলের ব্যস্ততা না থাকায় ফুটবল নিয়ে নানা কৌশলগত বিষয় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনায় আনার সুযোগ তৈরি হয়েছে।
এবারের আলোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে। গোল করার অসাধারণ দক্ষতার কারণে তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রশ্ন উঠছে, ফরাসি এই তারকাকে দলে ভিড়িয়ে কী ভুল করেছে রিয়াল মাদ্রিদ? বিশেষ করে করিম বেনজেমার বিদায়ের পর ২০২৩ সালের গ্রীষ্মে যাকে দলে নেওয়ার জোরালো আলোচনা ছিল, সেই হ্যারি কেইন কি হতে পারতেন রিয়ালের জন্য আরও কার্যকর বিকল্প?
এই তুলনা কেবল গোলসংখ্যার হিসাব-নিকাশে সীমাবদ্ধ নয়। বরং একজন স্ট্রাইকার সতীর্থদের খেলাকে কতটা কার্যকর করে তুলতে পারেন, আক্রমণভাগে কীভাবে অবদান রাখেন এবং দলের সামগ্রিক কৌশলে কতটা ভারসাম্য আনতে পারেন, সেটিই এখানে বিবেচ্য। সেই দৃষ্টিকোণ থেকে রিয়াল মাদ্রিদে এমবাপ্পের ভূমিকা এবং হ্যারি কেইনকে দলে পেলে কী হতে পারত, তা নিয়ে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ এক বিতর্ক।
২০২৩ সালের গ্রীষ্মে বেনজেমা রিয়াল মাদ্রিদ ছাড়ার পর বড় চ্যালেঞ্জের মুখে পড়ে ক্লাবটি। কারণ, তাদের সামনে কেবল একজন গোলদাতার বিকল্প খোঁজার বিষয় ছিল না; বরং দীর্ঘদিন ধরে আক্রমণভাগের অন্যতম সৃজনশীল ও প্রভাবশালী খেলোয়াড়ের শূন্যস্থান পূরণ করাও ছিল বড় দায়িত্ব।
বেনজেমার বিশেষত্ব ছিল, প্রয়োজনে মাঝমাঠে নেমে বল গ্রহণ করতেন, মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে সংযোগ তৈরি করতেন তিনি এবং ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর জন্য ফাঁকা জায়গা বের করে দিতেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাতে পারতেন।
সবমিলিয়ে তার ভূমিকা কেবল পেনাল্টি বক্সে অপেক্ষা করে গোল করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং আক্রমণ গড়ে তোলা থেকে শুরু করে সতীর্থদের জন্য সুযোগ তৈরি—সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি।
বেনজেমার বিকল্প হিসেবে তখন আলোচনায় সবচেয়ে এগিয়ে ছিলেন হ্যারি কেইন। ২০২৩ সালের ৫ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, ইংল্যান্ড অধিনায়ক ছিলেন রিয়াল মাদ্রিদের পছন্দের তালিকার শীর্ষে। তার সামর্থ্য ও ফুটবলীয় গুণাবলিতে দারুণ মুগ্ধ ছিল স্প্যানিশ ক্লাবটি।
তবে অর্থের অঙ্কে এসে থেমে যায় আলোচনা। টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি কেইনের জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি দাবি করেন। সেই পরিমাণ অর্থ খরচ করতে রাজি হয়নি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ১০০ মিলিয়ন ইউরো প্রাথমিক ট্রান্সফার ফি এবং অতিরিক্ত বোনাসের বিনিময়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন।
কেইন ও এমবাপ্পের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তাদের মাঠে চলাফেরা এবং আক্রমণভাগে দায়িত্ব পালনের ধরনে।
কেইন একজন প্রকৃত স্ট্রাইকার হিসেবে আক্রমণের নেতৃত্ব দিতে পারেন। তবে তিনি নিজেকে কখনোই পেনাল্টি বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকেন না। বলের নিয়ন্ত্রণ নিতে মাঝমাঠে নেমে আসেন, লম্বা পাস দেন, গোলের সুযোগ তৈরি করেন এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের নিজেদের অবস্থান থেকে সরিয়ে দিয়ে সতীর্থদের জন্য জায়গা তৈরি করেন।
কেইনের মতো একজন স্ট্রাইকার দলে থাকলে জুড বেলিংহ্যাম আরও বেশি স্বাধীনতা পেতেন আক্রমণে অংশ নেওয়ার। বিশেষ করে পেনাল্টি বক্সে ঢুকে গোল করার মতো জায়গা তৈরি হতো তার জন্য। রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে ঠিক এই জায়গাতেই দুর্দান্ত সফল ছিলেন ইংলিশ এই মিডফিল্ডার।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে কেইন ও বেলিংহ্যামের পারফরম্যান্সেও এই বোঝাপড়ার প্রতিফলন দেখা যায়। কেইন নিচে নেমে বল গ্রহণ করেন, আর তার তৈরি করা ফাঁকা জায়গা কাজে লাগিয়ে গোলের উদ্দেশে এগিয়ে যান বেলিংহ্যাম।
একইভাবে কেইন ও ভিনিসিয়ুসের জুটিও সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রাখত। ইংলিশ স্ট্রাইকার উইঙ্গারদের সঙ্গে সমন্বয় করে খেলতে পারেন এবং ফাঁকা জায়গায় নিখুঁত পাস বাড়াতে দক্ষ। বেনজেমাও ভিনিসিয়ুসের পাশে খেলে ঠিক এই কাজগুলো করেই দারুণ সফল হয়েছিলেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেইনকে নিজের প্রভাব বিস্তারের জন্য প্রতিটি আক্রমণের কেন্দ্রবিন্দু হতে হয় না। এমনকি তাকে কার্যকর করতে সতীর্থদের চলাফেরা ও খেলার ধরনও আমূল বদলে ফেলতে হয় না।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পের গোল করার সাফল্য অস্বীকার করার সুযোগ নেই। নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করেন তিনি। দ্বিতীয় মৌসুমেও গোলসংখ্যা ছিল একই। ব্যক্তিগত পারফরম্যান্সে তার অসাধারণ সামর্থ্যের প্রমাণ এটি। কিন্তু ব্যক্তিগত সাফল্যের বাইরে দলীয় পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় ভিন্ন এক চিত্র।
এমবাপ্পে যোগ দেওয়ার আগের দুই মৌসুমে, অর্থাৎ ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে যথাক্রমে ১২৭ ও ১২৯ গোল করেছিল রিয়াল মাদ্রিদ। অর্থাৎ ১১৬ ম্যাচে তাদের মোট গোল ছিল ২৫৬টি।
অন্যদিকে, এমবাপ্পের প্রথম দুই মৌসুমে ২০২৪-২৫ মৌসুমে ১৪৮ এবং ২০২৫-২৬ মৌসুমে ১১৯ গোল করে দলটি। সব মিলিয়ে ১২৪ ম্যাচে গোলসংখ্যা দাঁড়ায় ২৬৭-তে।
হিসাব অনুযায়ী, এমবাপ্পে আসার পর দুই মৌসুমে রিয়াল মাদ্রিদ ১১টি গোল বেশি করেছে। তবে খেলেছে ৮টি ম্যাচ বেশি। ফলে ম্যাচপ্রতি গোলের গড় বেড়ে যাওয়ার পরিবর্তে কমেছে। আগে যেখানে গড় ছিল প্রায় ২ দশমিক ২১, সেখানে তা ২ দশমিক ১৫-তে নেমে এসেছে। লা লিগার পরিসংখ্যানেও একই ধরনের চিত্র দেখা যায়।
২০২২-২৩ মৌসুম: ৭৫ গোল
২০২৩-২৪ মৌসুম: ৮৭ গোল
২০২৪-২৫ মৌসুম: ৭৮ গোল
২০২৫-২৬ মৌসুম: ৭৭ গোল
সবমিলিয়ে এমবাপ্পে যোগ দেওয়ার আগের দুই মৌসুমে লা লিগায় রিয়ালের গোলসংখ্যা ছিল ১৬২। তার প্রথম দুই মৌসুমে সেটি কমে দাঁড়ায় ১৫৫-তে।
অবশ্য এই পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা সম্ভব নয় যে দলের আক্রমণাত্মক পারফরম্যান্সে অবনতির জন্য একমাত্র এমবাপ্পেই দায়ী। তবে দলের সামগ্রিক আক্রমণভাগে তার অবদান নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষ করে একজন খেলোয়াড় যখন প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেন, তখন প্রত্যাশা থাকে তার উপস্থিতিতে দলের মোট গোলসংখ্যায় আরও বড় ইতিবাচক পরিবর্তন আসবে।
সতীর্থদের পারফরম্যান্সের পরিসংখ্যানও এই বৈপরীত্যকে আরও স্পষ্ট করে। লা লিগায় ভিনিসিয়ুসের গোলসংখ্যা ২০২৩-২৪ মৌসুমের ১৫ থেকে কমে পরের মৌসুমে দাঁড়ায় ১১-তে। অন্যদিকে, বেলিংহ্যামের গোলসংখ্যা ১৯ থেকে নেমে আসে ৯-এ।
অবশ্য চোট, খেলোয়াড়দের দলত্যাগ এবং মাঠে দায়িত্বের পরিবর্তনের মতো বিষয়গুলোও এর পেছনে ভূমিকা রেখেছে। তবে এমবাপ্পের আগমনের পর রিয়াল মাদ্রিদের বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে এমবাপ্পে ও ভিনিসিয়ুসের একই জায়গায় খেলার প্রবণতা। পাশাপাশি সংকুচিত হয়ে আসে বেলিংহ্যামের আক্রমণাত্মক স্বাধীনতাও।
কেইন ও এমবাপ্পের তুলনায় আরও একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় রয়েছে। সেটি হলো ক্রস থেকে গোল করার ক্ষেত্রে একজন স্ট্রাইকারের দক্ষতা। সাম্প্রতিক বছরগুলোতে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম কার্যকর অস্ত্র ছিল ক্রস।
করিম বেনজেমা যেমন এই দক্ষতা দেখিয়েছেন, তেমনি ২০২৩ সালের গ্রীষ্মে দলে যোগ দেওয়ার পর হোসেলুও তা করে দেখিয়েছেন। ওপেন প্লে থেকে আসা ক্রস কিংবা সেটপিস—দুই ক্ষেত্রেই আকাশপথে আসা বলে প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার সামর্থ্য ছিল তাদের।
হোসেলু রিয়ালের আক্রমণভাগে ভিন্ন একটি মাত্রা যোগ করেছিলেন। তার শারীরিক শক্তি এবং আকাশপথে বল দখলের দক্ষতা দলকে বাড়তি সুবিধা দিয়েছিল। ২০২৩-২৪ মৌসুমে ৪৯ ম্যাচে ১৮ গোল করেছিলেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগেই ছিল পাঁচটি গোল।
কিন্তু এমবাপ্পেকে মূল স্ট্রাইকার হিসেবে খেলালে, যার আকাশপথে বল দখলের দক্ষতা তুলনামূলক দুর্বল, তখন আক্রমণের ধরন বদলে যায়। প্রতিপক্ষের রক্ষণভাগের পেছনে দৌড়, ড্রিবলিং এবং মাটিতে পাস আদান-প্রদানের ওপর নির্ভরতা বেড়ে যায়। ফলে নিয়মিত ক্রস কাজে লাগাতে পারেন, এমন একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব অনুভূত হয়।
এখানেই হ্যারি কেইন এগিয়ে থাকতে পারেন। তিনি পেনাল্টি বক্সের বাইরে এসে সতীর্থদের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেন, মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করতে পারেন। একই সঙ্গে বক্সের ভেতরেও তার শক্তিশালী উপস্থিতি রয়েছে। আকাশপথে বল দখলের ক্ষেত্রেও তিনি বেশ দক্ষ।
তাকে দলে নিলে রিয়াল মাদ্রিদ আক্রমণে বাড়তি একটি বিকল্প পেত। পাশাপাশি ক্রস থেকে আক্রমণের কার্যকর অস্ত্রটিও অক্ষুণ্ণ থাকত। ফলে শুধু মাটিতে ড্রিবলিংয়ের ওপর অতিরিক্ত নির্ভর করতে হতো না।
এমবাপ্পের সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইয়ে লুইস এনরিকের অভিজ্ঞতা হয়তো এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরে।
তাদের সম্পর্ক নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রে দেখা যায়, রক্ষণাত্মক দায়িত্ব পালনে এমবাপ্পের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন স্প্যানিশ এই কোচ। এ সময় এনরিকে কিংবদন্তি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের উদাহরণ টানেন। জর্ডান যেমন সতীর্থদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতেন, তেমনি রক্ষণাত্মক দায়িত্ব পালনের ক্ষেত্রেও নিজেই উদাহরণ তৈরি করতেন।
এনরিকে এমবাপ্পেকে বোঝান, একজন প্রকৃত নেতা কেবল গোল করেই সন্তুষ্ট থাকতে পারেন না। আক্রমণে অবদান রাখতে না পারলেও তাকে রক্ষণে দলের জন্য সাহায্য করতে হবে। প্রেসিং, মাঠে চলাফেরা এবং দলের স্বার্থে ত্যাগ স্বীকারের ক্ষেত্রে নিজের উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দিতে হবে।
এমবাপ্পে পিএসজি ছাড়ার পর এনরিকে নিজের আক্রমণাত্মক দর্শন আরও স্পষ্টভাবে তুলে ধরেন। তার মতে, একজন খেলোয়াড়ের ৪০ গোল করার ওপর নির্ভর করার চেয়ে চারজন খেলোয়াড়ের কাছ থেকে ১২টি করে গোল পাওয়া বেশি কার্যকর।
এরপর পিএসজির আক্রমণে গোল করার উৎস আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জেতে।
অবশ্য এর অর্থ এই নয় যে শুধু এমবাপ্পের বিদায়ের কারণেই পিএসজি এই সাফল্য পেয়েছে। দলটির খেলোয়াড় তালিকা ও কৌশলগত ব্যবস্থায় আরও অনেক পরিবর্তন এসেছিল। তবে এটি একটি স্পষ্ট উদাহরণ যে, একজন তারকার ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার চেয়ে দলের মধ্যে দায়িত্ব ও ভূমিকা ভাগ করে দেওয়া কেন বেশি গুরুত্বপূর্ণ।
এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ২০২৩ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের সামনে বিকল্প হিসেবে থাকা হ্যারি কেইন গোল করার সামর্থ্যে এমবাপ্পের চেয়ে কোনো অংশে কম ছিলেন না।
বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছিলেন কেইন। পরের মৌসুমে ৪২ গোলের সঙ্গে যোগ করেন ১৪টি অ্যাসিস্ট।
২০২৫-২৬ মৌসুমেও তার অসাধারণ পারফরম্যান্স অব্যাহত ছিল। আবারও দুর্দান্ত পরিসংখ্যান গড়ার পর ২০২৬ সালের ব্যালন ডি'অর জেতেন কেইন। যেখানে দ্বিতীয় স্থানে ছিলেন এমবাপ্পে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের সৃজনশীল ভূমিকার বিনিময়ে এই গোলগুলো করেন না কেইন। গোল করা, পাস দেওয়া, সতীর্থদের সঙ্গে সমন্বয় এবং আক্রমণের জন্য ফাঁকা জায়গা তৈরি—সবকিছুই একসঙ্গে করতে পারেন তিনি। এসব গুণই তাকে আধুনিক ফুটবলের অন্যতম পরিপূর্ণ ফরোয়ার্ডে পরিণত করেছে।
এমবাপ্পেকে দলে নেওয়াকে ব্যক্তিগতভাবে কোনো ব্যর্থ সিদ্ধান্ত বলা যায় না। দুই মৌসুমে ৮৪ গোল করেছেন তিনি। এমন পারফরম্যান্সকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।
কেইনকে দলে নিলে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে পারত কি না, সেটিও নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ, ফুটবল এতটা সরল সমীকরণে চলে না।
তবে এটুকু বলা যায়, রিয়াল মাদ্রিদ হয়তো স্ট্রাইকার নির্বাচনের ক্ষেত্রে ভুল করেছিল। তারা যে ধরনের খেলোয়াড় খুঁজছিল, সেটি সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি।
বেনজেমার বিদায়ের পর দলটির এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন ছিল না, যে কি-না বাঁ-প্রান্ত থেকে আক্রমণে উঠে এসে গোল করবেন। বরং প্রয়োজন ছিল এমন একজন স্ট্রাইকারের, বেনজেমার মতো ভূমিকা পালন করতে পারবেন এমনই কেউ। ভিনিসিয়ুসের সঙ্গে সমন্বয় তৈরি করবেন, বেলিংহ্যামের জন্য জায়গা বের করে দেবেন এবং আক্রমণ গড়ে তুলতে সাহায্য করবেন। তবে পুরো আক্রমণভাগের একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন না।
হ্যারি কেইন এই দায়িত্ব পালনের জন্য একেবারেই উপযুক্ত ছিলেন। এমবাপ্পের আগমনে সতীর্থদের অবস্থান ও দায়িত্বে যেমন পরিবর্তন আনতে হয়েছে, তার পরিবর্তে কেইন হয়তো রিয়াল মাদ্রিদের অন্য তারকাদের আরও কার্যকর করে তুলতে পারতেন।
ব্যক্তিগতভাবে এমবাপ্পে এখনো বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তবে এই তুলনা রিয়াল মাদ্রিদের সামনে বেনজেমার বিদায়ের পর ঠিক কী ধরনের খেলোয়াড়ের প্রয়োজন ছিল, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলে ধরেছে।