লামিনে ইয়ামাল ও হ্যারি কেইন © সংগৃহীত
লা লিগার ১২তম রাউন্ডে গত রবিবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচে একটি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যাচসেরা ফেরমিন লোপেজ। তার গোলের পেছনে ছিল ইয়ামালের নিখুঁত পাস।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তার অ্যাসিস্টের সংখ্যা ১২টি।
এর মধ্যে লা লিগায় ৮টি এবং চ্যাম্পিয়নস লিগে ৪টি অ্যাসিস্ট করেছেন ১৮ বছর বয়সী এই তারকা। ইউরোপের শীর্ষ ৫ লিগের খেলোয়াড়দের মধ্যে এই পরিসংখ্যানে সবার ওপরে রয়েছেন তিনি।
তালিকায় ইয়ামালের পরেই আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। তার অ্যাসিস্ট ১১টি। অন্যদিকে তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রোলের অ্যাসিস্ট সংখ্যা ৮টি করে।
তবে শুধু অ্যাসিস্টেই নয়, পুরো ম্যাচজুড়েই নিজের প্রভাব বিস্তার করেছেন ইয়ামাল। বার্সেলোনার ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে প্রতিপক্ষের ডিফেন্ডার গ্রিমালদোকে বেশ ভুগিয়েছেন তিনি।
ম্যাচে সবচেয়ে বেশি সফল ড্রিবলিংও করেছেন ইয়ামাল। ছয়বার প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে বল নিয়ে এগিয়েছেন তিনি। পাশাপাশি সর্বোচ্চ ৭টি গোলের সুযোগ তৈরি করেছেন এবং তিনটি ক্রস দিয়ে ম্যাচের অন্য খেলোয়াড়দের ছাড়িয়ে গেছেন।
আক্রমণাত্মক পারফরম্যান্সের পাশাপাশি রক্ষণেও অবদান রেখেছেন ইয়ামাল। প্রতিপক্ষের রক্ষণভাগে শেষ তৃতীয়াংশে ১৩টি পাস দেওয়ার পাশাপাশি দুটি ট্যাকল জিতেছেন তিনি।