পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোভে এক বন্দুকধারীর হামলায় নিরাপত্তা বেষ্টনী। © সংগৃহীত
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোভে এক বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) বিকাল তিনটার দিকে ক্রাকোভের প্রধান মার্কেট স্কয়ারে গাড়ি নিয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই চার নারী ও দুই পুরুষ নিহত হন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৫ বছর। তিনি পোল্যান্ডের নাগরিক। হামলার সময় তার পরনে সামরিক পোশাকের মতো পোশাক ছিল। তিনি সামরিক ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত হিসেবে আর কাউকে খোঁজা হচ্ছে না। সন্দেহভাজনের গাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিও পাওয়া গেছে।
ক্রাকোভ থেকে প্রায় ১২০ মাইল উত্তরে ওস্ত্রোভিয়েক শভিয়েনতোকশিস্কি এলাকায় সন্দেহভাজনের বাড়ি। সেখানে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, নিহত তিনজন সন্দেহভাজন ব্যক্তির পরিবারের ঘনিষ্ঠ সদস্য বলে ধারণা করা হচ্ছে।
হামলার পেছনে উগ্র ডানপন্থী মতাদর্শের সন্দেহ
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিরভিনস্কি বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি উগ্র ডানপন্থী মতাদর্শে আকৃষ্ট ছিলেন এবং তার চিন্তাভাবনা ছিল অত্যন্ত চরমপন্থী। হামলার পেছনে এ মতাদর্শের প্রভাব ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন না। অতীতে সামরিক বাহিনীর সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না।
আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাদের একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন একবার, অন্যজন তিনবার। বিচারমন্ত্রী ওয়ালদেমার জুরেক জানিয়েছেন, গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তার একটি ফুসফুস অকেজো হয়ে গেছে। তার জন্য জরুরি ভিত্তিতে এবি পজিটিভ (AB+) রক্ত প্রয়োজন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, দুই পুলিশ কর্মকর্তা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীও তাদের সাহসিকতার প্রশংসা করেছেন।
আহত ব্যক্তিদের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের পাঁচজন নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
ট্রামেও গুলি, আহত দুই ঘোড়া
হামলার সময় ক্রাকোভের ব্যস্ত প্রধান মার্কেট স্কয়ার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাটি ক্যাফে, রেস্তোরাঁ ও পানশালার জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও নিয়মিত আনাগোনা থাকে সেখানে।
রয়টার্সের ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রসহ পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। হামলার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের জন্য ঘটনাস্থলের কাছে একটি বাসও রাখা হয়েছে।
ক্রাকোভের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীর ছোড়া একটি গুলি ট্রামের চালকের জানালায় লাগে। এতে জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি।
প্রাণী অধিকার সংগঠন ওটোজ অ্যানিম্যালস জানিয়েছে, হামলাকারী শহরের কেন্দ্রস্থলে ঘোড়ার গাড়ি টানা দুটি ঘোড়াকেও গুলি করেন। তবে ঘোড়া দুটি বেঁচে গেছে। পশুচিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পর সেগুলোকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হামলার ঘটনায় শহরটিতে ১১ নভেম্বর পর্যন্ত শোক ঘোষণা করেছেন ক্রাকোভের মেয়র লুকাশ গিবালা।
পোল্যান্ডের প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াও হামলার ঘটনায় শোক প্রকাশ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ ধরনের হামলার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না।
সূত্র: সিএনএন, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।