নির্বাচনে ভুয়া প্রচারণার সস্তা মাধ্যম হিসেবে গড়ে উঠেছে ভারত © সংগৃহীত
ভারতের বিভিন্ন রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী অর্থের বিনিময়ে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে প্রভাব বিস্তারের কাজ করছেন। ভুয়া পরিচয়ের আড়ালে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে তারা নির্দিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এসব প্রচারণায় প্রতিপক্ষের বক্তব্য বিকৃত করা, মিথ্যা তথ্য ছড়ানো এবং প্রার্থীর জনপ্রিয়তা বাড়িয়ে দেখানোর মতো কৌশল ব্যবহার করা হচ্ছে। কেনিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশের পর এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ভারতীয় এসব কর্মীর তৎপরতার তথ্য সামনে এসেছে। সোমবার (২ নভেম্বর) আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের একটি সাধারণ এলাকার অল্প পরিচিত বাসার একটি কক্ষে বসে রাতভর কাজ করতেন ২২ বছর বয়সী ডিজিটাল কনটেন্ট নির্মাতা রাজন কুমার। ২০২২ সালে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম রুটোর প্রচারণার জন্য পোস্টার তৈরি ও ভিডিও সম্পাদনার কাজ করতেন তিনি। অথচ তার তৈরি কনটেন্ট রুটোর আনুষ্ঠানিক প্রচারমাধ্যমে প্রকাশ করা হতো না। প্রতিদিন সাত ডলারের বিনিময়ে তৈরি করা এসব ভিডিও ও পোস্টার বেনামী ৫০টি একাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। এসব অ্যাকাউন্টের মাধ্যমে সমন্বিত প্রচারণাকে ওই দেশের নাগরিকদের স্বতন্ত্র প্রচারণা হিসেবে দেখানোর চেষ্টা করা হতো।
রাজন কুমার জানান, নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী নেতাদের বক্তব্য বা সাক্ষাৎকারের অংশ কেটে এমনভাবে সম্পাদনা করা হতো, যাতে তাদের বক্তব্যের অর্থ বদলে যায়। পাশাপাশি রুটোর জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেখাতে মিথ্যা তথ্যসংবলিত পোস্টারও তৈরি করা হতো।
তিনি বলেন, ‘যদি কোনো নারী রাজনীতিবিদ থাকেন, তাহলে তার সুনাম ক্ষুণ্ন করতে আমরা তাকে কারও সঙ্গে জড়িয়ে দিই। কাউকে হেয় করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি এটি। সব বিতর্কিত কনটেন্ট ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ছায়া পেজগুলোতে পাঠানো হয়।’
অবাক করার বিষয় হলো ২০২২ সালের সেই নির্বাচনে জয়ী হয়ে কেনিয়ার পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন উইলিয়াম রুটো।
চার বছর পর, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে গবেষকেরা ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমের বট ও বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট রাজনৈতিক প্রচারণার পক্ষে ভিডিও ছড়িয়ে দেওয়ার তথ্য পেয়েছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ৪ আগস্ট অনুষ্ঠিত সিনেট নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে ডেমোক্র্যাট প্রার্থী হ্যালি স্টিভেনসের পক্ষে এ ধরনের প্রচারণা চালানো হয়েছিল। তবে নির্বাচনে তিনি আবদুল এল-সায়েদের কাছে হেরে যান। আবদুল এল-সায়েদ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রই সর্বশেষ দেশ যেখানে নির্বাচনী প্রচারণায় ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীদের ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কয়েকটি দেশেও এ ধরনের ছায়া প্রচারণা চালিয়েছেন তারা। এ বিষয়ে ভারতের প্রায় এক ডজন রাজনৈতিক পরামর্শক জানিয়েছেন, এসব প্রচারণায় কোনো সীমা, নিয়ন্ত্রণ বা নৈতিক বাধা মানা হয় না।
নয়াদিল্লিভিত্তিক রাজনৈতিক পরামর্শক তুষার গিরি বলেন, ‘আমরা নির্বাচনকে প্রভাবিত করছি; বিষয়টি বলার আর কোনো উপায় নেই। নির্বাচনী গণতন্ত্রের ধারণাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। ভোটারদের নিজেদের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। সবকিছুই প্রভাবিত করা হয়।’
নেপথ্যের ক্ষমতা ও ছায়া প্রচারণা
রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো নির্বাচনে জনসমর্থন ও ভোট পাওয়ার কৌশল তৈরিতে রাজনীতিবিদদের সহায়তা করে। রাজনৈতিক প্রভাব বিস্তারকে সেবা হিসেবে বিক্রি করা এ ধরনের বিশেষায়িত বেসরকারি প্রতিষ্ঠানের উত্থান ঘটে ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সঙ্গে সঙ্গে ভোটারদের প্রভাবিত করতে অনলাইন প্ল্যাটফর্মেও নানা কৌশল ছড়িয়ে পড়ে। বিশেষ করে মেটা ও গুগলের প্ল্যাটফর্মে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে লাখ লাখ ভোটারের কাছে নির্দিষ্ট রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হয়। এর আগে বিভিন্ন প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রভাবিত করতে রাশিয়ার একই ধরনের কৌশল ব্যবহারের তথ্যও উঠে এসেছে।
নির্বাচনী প্রচারণার সময় যেসব কনটেন্ট আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা সম্ভব নয়, সেগুলো ছড়িয়ে দিতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। কোনো রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান মেটা বা গুগলে আগে থেকে থাকা রাজনৈতিক দলের ছায়া পেজের নিয়ন্ত্রণ নেয়। আবার নতুন পেজ তৈরি, পুরোনো পেজের নাম ও পরিচয় বদলে প্রচারণার উপযোগী করা কিংবা ভাড়ায় পাওয়া পেজ ব্যবহার করেও এসব কাজ করা হয়।
২০২৪ সালের ভারতের জাতীয় নির্বাচনের আগে এক অনুসন্ধানে মেটা ও গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে—এ ধরনের অসংখ্য ভুয়া পেজ বিক্রির তথ্য পাওয়া যায়। ভোটারদের প্রভাবিত করতে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনের অপব্যবহার ঠেকাতে এসব প্ল্যাটফর্মের নীতিমালা থাকলেও পেজগুলো সেসব নীতি এড়িয়ে বিক্রি করা হচ্ছিল।
রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সমন্বিত অনলাইন প্রভাব বিস্তারের কার্যক্রম অনুসন্ধান ও প্রকাশ করে অজ্ঞাতনামা গবেষক দল ‘অ্যান্টিবট৪নাভালনি’। দলটি আলজাজিরাকে জানিয়েছে, মিশিগানের ডেমোক্র্যাট প্রাথমিক নির্বাচনে হ্যালি স্টিভেনসের প্রচারণার পক্ষে এক্সে (সাবেক টুইটার) অন্তত ২৮টি অ্যাকাউন্ট ভিডিও ছড়িয়ে দিয়েছে। এসব ভিডিও সাত মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। আলজাজিরার পর্যালোচনায় দেখা গেছে, শনাক্ত করা অ্যাকাউন্টগুলোর অন্তত ১৫টি ভারত থেকে পোস্ট করছিল।
এ ছাড়া ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ফরেনসিক হাবের গবেষকেরাও আবদুল এল-সায়েদের বিরুদ্ধে হ্যালি স্টিভেনসের প্রচারণায় ভারতীয় ভাড়াটে অ্যাকাউন্ট ও পেজের একই ধরনের কৌশল ব্যবহারের তথ্য পেয়েছেন।
ভারতের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে ‘ব্যাকস্টেজ অব ডেমোক্রেসি’ বইয়ের লেখক আমোঘ ধর শর্মা বলেন, নির্বাচনের আগে রাজনীতিবিদেরা ভোটারদের মনোযোগ এমন বিষয়গুলোর দিকে রাখতে চান, যেগুলো সবার সামনে ঘটে। তিনি বলেন, ‘কিন্তু কখনো কখনো প্রকৃত ক্ষমতা পুরোপুরি জনসাধারণের আড়ালে প্রয়োগ করা হয়।’
রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গণতন্ত্রে এ ধরনের প্রতিষ্ঠান যেভাবে ক্ষমতার কিছু গোপন উৎস তৈরি করে, তা সবচেয়ে বড় নৈতিক উদ্বেগের বিষয়গুলোর একটি।’
নীতিমালা এড়িয়ে যেভাবে চলে প্রচারণা
ভারতে রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো এখন বৈশ্বিক নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাদের কাজের অভিজ্ঞতাকে অন্য দেশের রাজনীতিবিদদের আকৃষ্ট করার প্রচারণাসামগ্রী হিসেবেও ব্যবহার করা হচ্ছে। নয়াদিল্লির পরামর্শক তুষার গিরি বলেন, ‘ভারতের মতো জটিল নির্বাচনী গণতন্ত্রে কাঙ্ক্ষিত ফল দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রমাণিত অভিজ্ঞতা রয়েছে। এ কারণেই এখন বিদেশি নির্বাচনী প্রচারণাগুলোও আমাদের প্রতি আগ্রহী হচ্ছে।’
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নীতিমালায় অ্যাকাউন্ট কেনাবেচা, বিনিময় কিংবা ভুয়া বা চুরি করা পরিচয়ে অ্যাকাউন্ট পরিচালনা নিষিদ্ধ। সাধারণভাবে মেটা ও গুগলের নীতিমালা অনুযায়ী, রাজনৈতিক বিজ্ঞাপনদাতাদের পরিচয় যাচাই করতে হয় এবং নির্বাচনী বিজ্ঞাপনের অর্থ কে দিয়েছে, তা প্রকাশ করতে হয়। তবে দেশভেদে এসব নীতিমালার প্রয়োগে পার্থক্য রয়েছে।
ভারতীয় পরামর্শকেরা জানিয়েছেন, এসব প্ল্যাটফর্মের নীতিমালা নিয়মিত লঙ্ঘন করা হয়। তুষার গিরি বলেন, ‘এই প্ল্যাটফর্মগুলোর নীতিমালা অনেক দীর্ঘ। কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখা যায়, সেগুলো এড়িয়ে যাওয়ার অনেক ফাঁকফোকর রয়েছে।’
তিনি জানান, কোনো নির্দিষ্ট দেশে বিধিনিষেধের মুখে পড়লে এসব পরামর্শক প্রতিষ্ঠান উন্নত মানের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে। কখনো কখনো অ্যাকাউন্টের দেশ পরিবর্তন করলেই কাজ হয়ে যায়। এতে অন্য দেশে বসে থাকা ব্যক্তি বিদেশি নির্বাচনের জন্য লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করতে পারেন।
গিরি জানান, গত বছর তিনি সুরিনামের একটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে শেষ পর্যন্ত আলোচনা চূড়ান্ত হয়নি।
লেখক শর্মা জানান, গবেষণার সময় তিনি অস্ট্রেলিয়া ও জার্মানিতেও ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাজের তথ্য পেয়েছেন। পরামর্শকেরা আলজাজিরাকে জানিয়েছেন, নেপাল ও শ্রীলঙ্কাসহ ভারতের প্রতিবেশী দেশগুলোর নির্বাচনেও তারা কাজ করেছেন।
২০২২ সালে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রুটোর প্রচারণায় কাজ করা রাজন কুমার জানান, মাসিক চুক্তির আওতায় তাকে প্রতিদিন প্রায় সাত ডলার দেওয়া হতো। কোনো কোনো দিন তাকে ১০০টি পর্যন্ত প্রচারণাসামগ্রী তৈরি করতে বলা হতো। টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এসব কাজের সমন্বয় করা হতো।
তিনি বলেন, রুটোর কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি কাজ করেননি তিনি। তার মতো কনটেন্ট নির্মাতাদের প্রচারণার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছানো পুরো সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয়ও জানানো হয় না।
কুমার বলেন, তারপরও সব সময় সতর্ক থাকতে হয় এবং নিজের সম্পৃক্ততার চিহ্ন লুকিয়ে রাখতে হয়। এসব কাজে যুক্ত ব্যক্তিরা নিয়মিত নিজেদের কথোপকথন মুছে ফেলেন এবং সিম কার্ড নষ্ট করে ফেলেন।
এ ধরনের কাজের ঝুঁকিও রয়েছে। ২০২২ সালের জুলাইয়ে কেনিয়ার নির্বাচনের আগে রুটোর প্রচারণায় কাজ করা দুই ভারতীয় রাজনৈতিক পরামর্শক জুলফিকার আহমেদ খান ও মোহাম্মদ জায়েদ সামি কিদওয়াই নাইরোবিতে নিখোঁজ হন। অক্টোবরে তাদের মরদেহ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কেনিয়ার পুলিশের একটি বিশেষায়িত ইউনিট তাদের অপহরণ করে হত্যা করেছে।
নির্বাচনে জয়ের পর রুটো ওই ইউনিট বিলুপ্ত করেন। এ ঘটনায় ১৫ কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল। তবে ২০২৬ সালের আগস্টে কেনিয়ার হাইকোর্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে হত্যা তদন্ত বন্ধের সিদ্ধান্তের পর অভিযোগগুলো বাতিল করেন।
অর্থ লেনদেনেও গোপন পদ্ধতি
রাজন কুমারের মতো পরামর্শকদের কাজের মতো অর্থ লেনদেনের ক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখা হয় বলে জানিয়েছেন কয়েকজন রাজনৈতিক পরামর্শক। নিরাপত্তার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে এক পরামর্শক বলেন, ‘রাজনৈতিক পরামর্শক ব্যবসার অন্যতম ভিত্তি হলো কালো টাকা।’
তিনি জানান, বিদেশে তাদের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা কাগজে-কলমে কোনো ব্যক্তিকে সাধারণ কাজের জন্য নিয়োগ দেয়। কিন্তু প্রকৃতপক্ষে এসব প্রতিষ্ঠান অর্থ লেনদেনের আড়াল হিসেবে কাজ করে। কয়েকটি পরামর্শক প্রতিষ্ঠান হাওলা নেটওয়ার্কের ওপর নির্ভর করে। এটি প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অর্থ পাঠানোর একটি অনানুষ্ঠানিক ও বিশ্বাসভিত্তিক পদ্ধতি।
অন্তত তিনজন পরামর্শক ভারতের রাজধানী নয়াদিল্লির পুরোনো শহর চাঁদনি চকের রপ্তানিনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এ ধরনের অর্থ লেনদেনের একটি কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন। এ বিষয়ে এক পরামর্শক দুই বছর আগের একটি ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, নির্দিষ্ট সিরিয়াল নম্বরযুক্ত একটি ভারতীয় নোট সঙ্গে নিয়ে তিনি অর্থ সংগ্রহ করতে গিয়েছিলেন। ওই নোটটি অর্থ সংগ্রহের পরিচয় বা সংকেত হিসেবে ব্যবহৃত হয়েছিল।
তিনি বলেন, ‘আমি দেখেছি, মানুষ ১০ টাকার নোট ব্যবহার করে লাখ লাখ টাকা নগদ সংগ্রহ করছে। মনে হচ্ছিল, আমি কোনো সিনেমার মধ্যে আছি।’
তবে কোন দেশের বা কোন নির্বাচনী প্রচারণার অর্থ ওই লেনদেনের মাধ্যমে দেওয়া হয়েছিল, তা প্রকাশ করতে রাজি হননি তিনি।
ভারত হয়ে উঠছে ছায়া রাজনৈতিক প্রচারণার বাজার
তুষার গিরির মতে, গত কয়েক বছরে ভারত ছায়া রাজনৈতিক প্রচারণা পরিচালনার একটি বড় পাইকারি বাজারে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘চীন থেকে যেমন খেলনা কেনা হয়, তেমনি ভারতের মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গার নির্বাচন সবচেয়ে কম খরচে প্রভাবিত করা যায়।’
লেখক আমোঘ ধর শর্মাও ভারতের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বোঝাতে একই ধরনের উদাহরণ দিয়েছেন। তার মতে, এটি ভারতের বৈশ্বিক আউটসোর্সিং শিল্পেরই একটি সম্প্রসারণ। ২০০০-এর দশকে ভারত যেমন ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিংয়ের (বিপিও) কেন্দ্র হয়ে উঠেছিল, তেমনি এখন রাজনৈতিক প্রচারণার কম স্বচ্ছ কাজগুলোও অন্য দেশ থেকে ভারতে আউটসোর্স করা হচ্ছে।
শর্মা বলেন, এসব গোপন প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং যে রাজনৈতিক প্রচারণার জন্য তারা কাজ করেন, তাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকায় কার্যক্রম প্রকাশ হয়ে গেলেও সংশ্লিষ্ট সবাই নিজেদের দায় অস্বীকার করার সুযোগ পান।
তুষার গিরির মতে, একটি প্রচারণার পক্ষে কত দূর পর্যন্ত যাওয়া সম্ভব, সেটিই পরামর্শকদের সফলতার অন্যতম মাপকাঠি হয়ে উঠেছে। তিনি বলেন, ‘সীমা কোথায়? কোনো একটি সংস্থা যদি ভোটারকে প্রভাবিত করতে নোংরা কৌশল প্রয়োগ করতে পারে এবং রাজনৈতিক দলের নিজস্ব চিন্তার বাইরেও ভাবতে পারে, তাহলে তাদের সেই অনুযায়ী পুরস্কৃত করা হয়।’
তিনি আরও বলেন, ‘আপনি যত বেশি নোংরা কৌশল প্রয়োগ করতে পারবেন, অর্থ ও কাজের সুযোগ তত বেশি পাবেন।’