ভারতীয় প্রকোশলী কেশবন শানমুগাম © সংগৃহীত
মাইক্রোসফটে টানা ২৩ বছর কাজ করার পর অবসরের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেশবন শানমুগাম। ভারতে থাকা বৃদ্ধ মা–বাবার সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর ইন্ডিয়া টুডের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে অবসরের সিদ্ধান্তের কথা জানান শানমুগাম। তিনি লেখেন, এখন থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান।
তবে মাইক্রোসফট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তার জন্য। প্রতিষ্ঠানটিতে এক্সেল কপাইলট নিয়ে কাজ করার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও উপভোগ করতেন তিনি। এরপরও মা–বাবার পাশে থাকার সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিয়েছেন শানমুগাম।
লিংকডইন পোস্টে তিনি লেখেন, ‘এমন একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়ায় আমি মাইক্রোসফটের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। অতীতে ও বর্তমানে যাঁরা মাইক্রোসফটে আমার কর্মজীবনকে আনন্দময়, রোমাঞ্চকর ও পরিপূর্ণ করে তুলেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
এদিকে তার এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেকেই যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে দায়ী করছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কেশবন। উল্লেখ্য কেশবনই একমাত্র ভারতীয় নন যিনি বাবা মাকে সময় দিতে যুক্তরাষ্ট্র ছেড়েছেন। এর এক মাস আগে একই কারণে সিলিকন ভ্যালি কোম্পানি ছেড়েছিলেন মেটাতে কাজ করা আরেক ভারতীয় বালাজি গুরুরাজন।