বিপাকে ব্যবহারকারীরা © সংগৃহীত
ম্যাক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনল মাইক্রোসফট। আজ থেকে প্রতিষ্ঠানটি ম্যাক কম্পিউটারে ব্যবহৃত জনপ্রিয় অফিস ২০১৯ সফটওয়্যারের পূর্ণাঙ্গ সমর্থন বন্ধ করে দিয়েছে। ফলে এখন থেকে ম্যাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও ওয়াননোট আগের মতো ব্যবহার করা গেলেও নতুন ডকুমেন্ট তৈরি বা পুরোনো ফাইল সম্পাদনা করা যাবে না।
মাইক্রোসফট জানিয়েছে, অফিস ২০১৯ ফর ম্যাক এখন থেকে 'রিডিউসড ফাংশনালিটি মোড'-এ (সীমিত কার্যকারিতা মোড) চলবে। কারণ সফটওয়্যারটির লাইসেন্স তারা আর যাচাই (ভ্যালিডেট) করবে না। তবে এই সিদ্ধান্ত কেবল ম্যাক সংস্করণের জন্য প্রযোজ্য। উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড সংস্করণের অফিস সফটওয়্যারে এর কোনো প্রভাব পড়বে না।
এই পরিবর্তনের ফলে ম্যাক ব্যবহারকারীরা আগের তৈরি করা ফাইল খুলতে, দেখতে এবং প্রিন্ট করতে পারবেন। কিন্তু নতুন কোনো ডকুমেন্ট তৈরি করা কিংবা বিদ্যমান ফাইল সম্পাদনা করার সুবিধা আর থাকবে না।
যারা এখনো অফিস ২০১৯ ফর ম্যাক ব্যবহার করছেন, তাদের ভবিষ্যতেও ডকুমেন্ট সম্পাদনা চালিয়ে যেতে চাইলে অফিস ২০২৪ কিনতে হবে অথবা মাইক্রোসফট ৩৬৫-এর সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।
রেডিটে এক ব্যবহারকারী লিখেছেন, 'মাইক্রোসফটের এমন সিদ্ধান্ত সত্যিই হতাশাজনক। ভবিষ্যতে আমি অবশ্যই তাদের কোনো পণ্য সমর্থন করব না।'
আরেকজন লিখেছেন, ‘এটি কীভাবে এখনো গণমামলায় (ক্লাস অ্যাকশন) রূপ নেয়নি?’
তৃতীয় একজন মন্তব্য করেন, ‘চমৎকার! আমার জন্য মাইক্রোসফটের এখানেই শেষ।’
তবে সমালোচনার জবাব দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র দ্য সান-কে বলেন, ‘মাইক্রোসফট ইচ্ছাকৃতভাবে অফিস ২০১৯-এর কার্যকারিতা সীমিত বা পরিবর্তন করছে না। এই পণ্যটি ইতোমধ্যে সমর্থন-সময়ের বাইরে চলে গেছে। তাই এর জন্য নতুন কোনো আপডেটের পথ নেই এবং নতুন সার্টিফিকেটও দেওয়া সম্ভব নয়।’
মাইক্রোসফটের এই সিদ্ধান্তের ফলে যেসব ম্যাক ব্যবহারকারী এখনো অফিস ২০১৯-এর ওপর নির্ভরশীল, তাদের নতুন সংস্করণে আপগ্রেড করা বা মাইক্রোসফট ৩৬৫-এর সাবস্ক্রিপশন নেওয়া ছাড়া কার্যত আর কোনো বিকল্প থাকছে না।