হোয়াটসঅ্যাপে আসছে সাউন্ড স্টিকার ফিচার, চালু করবেন যেভাবে

২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ AM
হোয়াটসঅ্যাপে আসছে সাউন্ড স্টিকার ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে সাউন্ড স্টিকার ফিচার © সংগৃহীত

ট্যাপ করলেই শব্দ বাজবে—এমন নতুন সাউন্ড স্টিকার ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তৈরি স্টিকারে ভিডিওর মূল অডিও, ভয়েস নোট কিংবা পছন্দের শব্দ যোগ করতে পারবেন। এতে চ্যাটিং আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট।

হোয়াটসঅ্যাপের সর্বশেষ পাবলিক বিটা সংস্করণে নতুন এ ফিচার যুক্ত করা হয়েছে। বন্ধুদের সঙ্গে কথোপকথনে এটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে নিজের মতো করে স্টিকার ও অ্যানিমেটেড স্টিকার তৈরি করা যায়। নতুন ফিচারটিও প্রায় একইভাবে কাজ করবে। তবে এর বিশেষত্ব হলো, স্টিকারের সঙ্গে অডিও বা শব্দ যুক্ত করা যাবে।

এর ফলে ‘সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার সুবাদে আবারও আলোচনায় আসা জশ হাচারসনের ‘হুইসেল এডিট মিম’-এর মতো জনপ্রিয় ভিডিও ক্লিপ সহজেই নতুন রূপে তৈরি করা যাবে।

ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, সাউন্ড স্টিকার ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ বিটা আপডেটের অংশ। ব্যবহারকারীরা ফিচারটি পরীক্ষা করে দেখতে চাইলে গুগল প্লের মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিটা পরীক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারেন।

সাউন্ড স্টিকার তৈরি করতে প্রথমে যেকোনো একটি চ্যাট খুলে স্টিকার আইকনে ট্যাপ করতে হবে। এরপর ‘ক্রিয়েট স্টিকার’ অপশনে গিয়ে ফোনের লাইব্রেরি থেকে একটি ভিডিও নির্বাচন করতে হবে। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।

এরপর স্টিকার তৈরির পর্দার ওপরের মেনুতে নতুন ‘সাউন্ড’ আইকন দেখা যাবে। এতে ট্যাপ করলে ‘অ্যাড সাউন্ড’ নামে একটি নতুন পর্দা খুলবে। সেখান থেকে ভিডিওর মূল অডিও রাখা, ভয়েস নোট বা নিজের পছন্দের শব্দ রেকর্ড করা কিংবা ফোনে সংরক্ষিত কোনো অডিও ফাইল যুক্ত করা যাবে।

সবশেষে তৈরি করা সাউন্ড স্টিকারটি সংরক্ষণ করে পছন্দমতো যেকোনো চ্যাটে পাঠানো যাবে।

তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই বিটা পরীক্ষক হলেও সব ব্যবহারকারী এখনই এটি ব্যবহারের সুযোগ নাও পেতে পারেন। ভবিষ্যতে সাউন্ড স্টিকার ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।

ঢাবিতে ভর্তি হতে চান আড়াই লাখ শিক্ষার্থী, এক ইউনিটে আসনপ্রত…
  • ২৯ নভেম্বর ২০২৬
পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪
  • ২৯ নভেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপে আসছে সাউন্ড স্টিকার ফিচার, চালু করবেন যেভাবে
  • ২৯ নভেম্বর ২০২৬
পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার 
  • ২৯ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সড়কে গাছ ফেলে অবরোধ ও আগুন
  • ২৯ নভেম্বর ২০২৬