লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে মার্কিন বিশ্ববিদ্যালয়

০৬ মে ২০২৬, ০৮:৩৬ AM
লিমন ও বৃষ্টি

লিমন ও বৃষ্টি © সংগৃহীত

নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে।

গতকাল (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বিশেষ অনুষ্ঠানে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করার অনুরোধ জানিয়েছে। সেই অনুযায়ী মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির মরণোত্তর ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।

এদিকে আগামীকাল (৬ মে ২০২৬) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে তাঁর মরদেহ ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিহত জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর পড়াশোনা করছিলেন। গত ১৬ এপ্রিল তাঁরা দুজনই নিখোঁজ হন। তাঁদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

তদন্তে নেমে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তাঁর পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের ভেতর থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয় যে, 'জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া গেছে'। কয়েকদিন পরে একই রকম অবস্থায় নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় অভিযুক্ত আবুঘরবেহর বিরুদ্ধে বর্তমানে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬