সমুদ্রে সতর্কবার্তা © টিডিসি ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় গভীর নিম্নচাপটির কেন্দ্র ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি পশ্চিমমধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ–দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এ বাতাস দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।