ঢাকার বায়ু দূষণ © সংগৃহীত
বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুদূষণের কারণে শহরটির বাতাসের মান এখন ‘খুবই অস্বাস্থ্যকর’। একই তালিকায় ২৬৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ চিত্র উঠে এসেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, এ সময় ঢাকার স্কোর ছিল ২০৬। অন্যদিকে, তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৬৩ এবং দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার স্কোর ২৩২। তিনটি শহরের বাতাসের মানই ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ২৬৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা এবং ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ ছাড়া ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয়, ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই, ১৬৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে চীনের বেইজিং, ১৫৭ স্কোর নিয়ে যৌথভাবে সপ্তম অবস্থানে ইরানের তেহরান ও নেপালের কাঠমান্ডু, ১৫৬ স্কোর নিয়ে নবম অবস্থানে আফগানিস্তানের কাবুল এবং ১৫৫ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে চীনের চেংদু।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত এ তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি প্রতিমুহূর্তের বায়ুর মান পর্যবেক্ষণ করে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই সূচক তৈরি করে। এই সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা জানা যায়। পাশাপাশি বায়ুদূষণের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকির মাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তবে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য এর ক্ষতিকর প্রভাব বেশি। দীর্ঘদিন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বায়ুদূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস চিহ্নিত করা হয়। এগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে প্রতিবছর বায়ুদূষণের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।