রাজধানীর মালিবাগ এলাকা © টিডিসি ফটো
ভোর হওয়ার আগেই বজ্রপাত ও ঝড়ো বাতাসের পর তুমুল বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর রামপুরা, মালিবাগ, শাহবাগ, গুলিস্তান, মহাখালী, ফার্মগেট, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। ভ্যাপসা গরমের মধ্যে ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলেও দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকসহ কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়া মানুষ।
ভোরের বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও এলাকায় পানি জমে যাওয়ায় চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘ সময়ের গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।
বেসরকারি চাকরিজীবী শাওন আহমেদ সকালে অফিসে যেতে ভোগান্তির কথা জানান। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভোর থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে। অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে বিজয় সরণীতে এসে দেখি কোনো বাস নেই। পরে মেট্রোতে করে কারওয়ান বাজারে এসে নামি। আমার অফিস বাংলামোটরে। সেখান থেকে হেঁটে বাংলামোটরে আসি। এর মধ্যে তুমুল বৃষ্টিতে আমি পুরোপুরি ভিজে গেছি।’
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও এর আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। পরে রবিবার ভোরে ঝড়ো বাতাসের পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।