নিউমার্কেটে সংঘর্ষে সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনায় ডুজার উদ্বেগ

২২ এপ্রিল ২০২২, ০৯:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি © ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও হকারদের সংঘর্ষের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিককে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)৷

শুক্রবার (২২ এপ্রিল) ডুজার সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় দীপ্ত টিভির সাংবাদিক আসিফ সুমিত, মানবজমিনের শুভ্র দেব, ডেইলি স্টারের প্রবীর দাস ও বাংলা ট্রিবিউনের শাহেদ শফিকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক হামলা ও লাঞ্ছনার শিকার হন। বিবদমান দুই পক্ষের সমর্থকেরা যেভাবে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন, তা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। এই ঘটনার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান দ্বারা স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করা হয়েছে৷ এই ঘটনা একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের এক নির্মম দৃষ্টান্ত।

তারা বলেন, গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা হয়েছে৷ তিন মামলার মধ্যে দুটির বাদী পুলিশ৷ এর মধ্যে একটি মামলা করা হয়েছে বিস্ফোরকদ্রব্য আইনে, অন্যটি দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাও-পোড়াও ও পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগে৷ অন্যদিকে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন৷

আরও পড়ুন: শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের বিষয় আমরা বুঝিই না: শিক্ষামন্ত্রী

নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে৷ কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ-প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা-ব্যথা নেই৷ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ধরনের তৎপরতা দেখা যাচ্ছে না৷ এটি অনুমেয় যে নির্যাতিত-লাঞ্ছিত সাংবাদিকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সমর্থন না পেলে আইনি জটিলতায় নিজেদের জড়াতে চাইবেন না৷

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, অতীতে সাংবাদিক নির্যাতনের বিভিন্ন ঘটনায় কোনো বিচার বা প্রশাসনিক পদক্ষেপের উদাহরণ না থাকায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিনিয়তই ঘটে চলেছে৷ নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনার সময় সাংবাদিকদের নির্যাতন-লাঞ্ছনার ঘটনাসহ অতীতে ঘটে যাওয়া এ ধরনের ঘটনায় ব্যবস্থা নিয়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবিধানিক অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে বলে আমরা প্রত্যাশা করি৷

এতে আরো বলা হয়, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা প্রয়োজনীয় সব ধরনের সমর্থন নিয়ে নির্যাতিত-লাঞ্ছিত সাংবাদিকদের পাশে দাঁড়াবেন৷ কারণ প্রতিশ্রুতিশীল ও দক্ষ সাংবাদিকেরাই গণমাধ্যমের প্রাণশক্তি৷ তাঁরা ভালো থাকলে গণমাধ্যমও ভালো থাকবে৷রাষ্ট্র ও সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, গণমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার ঘটনার প্রতিকারে প্রয়োজনে পৃথক আদালত গঠন করা হোক৷ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক পরিমণ্ডলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের অসামান্য ভূমিকাকে বিবেচনায় নিয়ে সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হোক৷

এইচএসসি পাসেই নিটল-নিলয় গ্রুপ নিয়োগ দেবে ৪ জেলায়, আবেদন ১১ …
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছাড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬
সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের
  • ১৫ আগস্ট ২০২৬