জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের কর্মচারী নাহিদ একই অফিসের সুপারভাইজার আলমগীরকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের পেছনে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
একই অফিসের কর্মকর্তা ও এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, সুপারভাইজার নাহিদ দীর্ঘদিন ধরে অধস্তন কর্মচারী (মিস্ত্রী) আলমগীরের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নষ্ট ও পুরাতন মালামাল ফেরত চেয়ে আসছে। আলমগীর তা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে। আজ আবার ও নষ্ট মালামাল ফেরত চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে সুপারভাইজার নাহিদকে মারধর করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম মো. শরীফ মিয়া বলেন, আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সুপারভাইজার নাহিদ আমার কাছে বলে যে মিস্ত্রী নাহিদ তাকে বিনা দোষে মারধর করে। তখন তার শারীরিক অবস্থা খারাপ ছিল বিধায় তাকে আগে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে পাঠিয়েছি। নাহিদ সুস্থ হয়ে ফিরে আসলে দুজনের কাছ থেকে শুনে তারপর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: টিকা কার্যক্রম শেষে অক্টোবরে খুলবে ঢাবির হল
তবে অভিযুক্ত আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি পুরাতন মালামাল নিয়মিত ফেরত দিয়ে আসছি। আজকের ঘটনাটা একটু ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। এরই মধ্যে বেঞ্চে লেগে তার (নাহিদের) থুতনির ওপরে একটু ফেটে যায়। এর বেশি আর তেমন কিছু হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ ব্যাপারে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর কাছে বিষয়টি সম্পর্কে লিখিত বর্ণনা চেয়েছি। তবে অফিস সময়কালীন না হওয়ার কারণে আজকে তা পাওয়া সম্ভব হয়নি। আশা করছি আগামীকালের মধ্যে পাবো। এর ওপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া হবে।