ক্যাম্পাসের ছিন্নমূল শিশুদের জন্য কুরবানি দিলেন ঢাবির সৈকত

২১ জুলাই ২০২১, ১০:০১ AM
ঈদের দিন সকালে ছাগল দুইটি কোরবানি করা হবে। এরপর রান্না করে খাওয়ানো হবে ছিন্নমূল শিশুদের।

ঈদের দিন সকালে ছাগল দুইটি কোরবানি করা হবে। এরপর রান্না করে খাওয়ানো হবে ছিন্নমূল শিশুদের। © ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিন্নমূল যেসব শিশুরা ঘুরে বেড়ায় এবারের কোরবানিতে বঞ্চিত হবে না তারাও। তাদের জন্যও দুটি ছাগল কিনেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সরকার সমর্থক ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকত।এমন মানবিক কাজের জন্য তিনি জাতিসংঘ থেকে ‘রিয়েল লাইফ হিরোর’ মর্যাদাও পেয়েছেন।

সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের মাস্টার্সে পড়ছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য।

ঈদের আগের দিন পশু দুটি পেয়ে ব্যাপক আনন্দ করেছে পরিবারের ভালোবাসা, মায়া-মমতা থেকে বঞ্চিত এসব শিশুরা। সৈকত ছাগল নিয়ে ক্যাম্পাসে হাজির হওয়ায় মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শিশুদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।

ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকালে ছাগল দুইটি কোরবানি করা হবে। এরপর রান্না করে খাওয়ানো হবে ছিন্নমূল মানুষদের।

তানভীর হাসান সৈকত বলেন, ‘ছোটবেলায় কুরবানির পশু নিয়ে একটা উৎসব উৎসব ভাব থাকত। উৎসাহ নিয়ে বসে থাকতাম কখন হাট থেকে গরুটাকে নিয়ে আসবে। আনার পর নাওয়া-খাওয়া ভুলে সারাদিন শুধু এটার আশেপাশে ঘুরঘুর করতাম। আদর করতাম, খাবার খাওয়াতে চাইতাম। কিন্তু টিএসসির শিশুরা কখনো এই আনন্দটা পায় না। কোরবানি করার সুযোগ তাদের নেই। তাদের কথা ভেবে গরু না পারলেও সামর্থ্য অনুযায়ী আমরা দুটি খাসি কিনেছি যেন এ বাচ্চাগুলো আনন্দ উপভোগ করতে পারে।’

ছাগল দুটিকে ঘিরে শিশুদের আনন্দ দেখে মন ভরে গেছে সৈকতের। তিনি বলেন, ‘তারা একে অপরকে ডেকে আনছে ছাগল দেখার জন্য। আনন্দ আর প্রাপ্তির আবেগের তীব্রতায় ইতিমধ্যে মিছিলও করেছে তারা। কার আগে কে এদেরকে পাতা খাওয়াবে সেই প্রতিযোগিতা চলছে। তাদের এই নির্মল উচ্ছ্বাস আর হৈচৈ দেখে সত্যিকার অর্থে 'ঈদ ঈদ' মনে হচ্ছে আমাদের।’

বঞ্চিতদের পাশে দাঁড়াতে সৈকতের এই উদ্যোগ এবারই প্রথম নয়। গত বছর করোনা সংক্রমণের শুরুতে দেশে সাধারণ ছুটি শুরু হলে ২৫ মার্চ থেকে টানা ১২১ দিন টিএসসি এলাকায় ভাসমান মানুষের মধ্যে খাবার বিলিয়েছেন তিনি।

সর্বশেষ ছিন্নমূল মানুষদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন করোনার টিকা রেজিস্ট্রেশন বুথও স্থাপন করেছেন তিনি। তাদের হাতে খাদ্য সামগ্রী সহায়তাও তুলে দিচ্ছেন সৈকত ও তার বন্ধুরা।

 

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে মারামারির ঘটনায় এবার আম্মারের ম…
  • ১৮ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
  • ১৮ আগস্ট ২০২৬
‘বুলিং একটি সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশের জন্য বড় বাধা’
  • ১৮ আগস্ট ২০২৬
সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন
  • ১৮ আগস্ট ২০২৬
প্রাথমিকের জন্য নথিভুক্ত ৪১২ খেলা, কাজ চলছে আরও ৭০০টি নিয়ে
  • ১৮ আগস্ট ২০২৬
প্রত্যেক উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা: স্বাস্থ্য প্র…
  • ১৮ আগস্ট ২০২৬