শতবর্ষে ঢাবি © ফাইল ছবি
আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি দিবস উদযাপিত হচ্ছে। ১৯২১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। চলমান করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে সশরীরে কোনো অনুষ্ঠান আয়োজন না করে অনলাইনে প্রতীকী কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
তবে করোনা মহামারি দূর হলে আগামী ১ নভেম্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ মূল অনুষ্ঠান আয়োজন করবে বিশ্ববিদ্যালয়টি। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষের মূল অনুষ্ঠান উদ্বোধন করতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসটির প্রতীকী কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতীকী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ উপলক্ষে ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান এক শুভেচ্ছা বাণীতে বলেন, অকৃত্রিম শ্রদ্ধা জানাই তাদের প্রতি যাদের অনবদ্য অবদানে বিশ্ববিদ্যালয়টি চলতে চলতে আজ মহীরুহে। শুভেচ্ছা ও অভিনন্দন বিশ্ববিদ্যালয় পরিবারের সবার প্রতি- শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের। অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা সবার সদয় সহযোগিতা প্রত্যাশা করি।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সীমিত সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
দিবসটি উপলক্ষে আজ বিকেল ৪টায় অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন বিশিষ্ট ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী সর্বজন শ্রদ্ধেয় আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ: ফিরে দেখা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আলোচনাসভা ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুক লিংক https://www.facebook.com/ICTCellDU।