রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালকের মৃত্যু, আহত আরও ২ © টিডিসি সম্পাদিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান।
নিহত ব্যক্তির নাম মো. শাহজালালী (৫০) বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও চিকিৎসক শামীম হাসান।
প্রাইভেটকারটির চালক ছিলেন এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
চিকিৎসক শামীম হাসান বলেন, আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার এক পাশে ছিটকে পড়েন। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন রিজন। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িসহ রিজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে।
রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা, জানতে চাইলে গাজিউর রহমান বলেন, এখনও কোনো মামলা হয়নি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।