রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ১০

০৬ মে ২০২১, ০২:৫৩ PM
সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জ

সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিনে নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে মহানগর ছাত্রলীগ ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য এম আব্দুস সোবহান ১২১ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন এমন গুঞ্জন ওঠে৷ একে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকে উপাচার্য ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও চাকরীপ্রত্যাশীরা অবস্থান নেয়। বেলা সাড়ে এগারোটার দিকে মহানগর ছাত্রলীগের একদল নেতাকর্মী উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয়। বেলা সোয়া ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর চড়াও হয় ও বেধড়ক পেটাতে থাকে।

এসময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। পরে হামলাকারী ছাত্রলীগ নেতা কর্মীরা ক্যাম্পাস ছেড়ে যায়। এই ঘটনায় শারীরিক শিক্ষা ও ক্রিড়াবিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল, হবিবুর হলের সেকশন অফিসার আবদুল্লাহ আল মাসুদসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। আহত সবার নাম ও পরিচয় জানা যায় নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা অভিযোগ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও উপাচার্য তার মেয়াদের শেষ দিনে ১২১ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিলেন। একে কেন্দ্র করেই এই হামলা হয়।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম ও প্রক্টর লুৎফর রহমান কেউ ফোন ধরেন নি।

প্রসঙ্গত, উপাচার্য এম আব্দুস সোবহানের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গত বছর ডিসেম্বরে শিক্ষামন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে সব ধরণের নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দেয়। আজ বৃহস্পতিবার উপাচার্যের মেয়াদ শেষ হবে। গত কয়েকদিন ধরে অবৈধ নিয়োগের আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী দুর্নীতি বিরোধী শিক্ষকসহ চাকরি প্রার্থী ও ছাত্রলীগ কর্মীরা লাগাতার আন্দোলন করে আসছিল। গত ৪ মে উপাচার্যের শেষ সিন্ডিকেট মিটিংকে কেন্দ্র করে শিক্ষকরা স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে লাঞ্ছিত হন। এসময় এক ছাত্রলীগ কর্মী শিক্ষকদের প্রকাশ্যে গুলি করে মারার হুমকি দেয়।

খদরে আস্ত খাসিকাণ্ডে সামনে এলো জাপানপ্রবাসী বরের ফর্দনামা
  • ১৯ আগস্ট ২০২৬
ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত যুবক
  • ১৯ আগস্ট ২০২৬
গুগল ফটোজে ছবি-ভিডিও রাখার নতুন নিয়ম, বন্ধ হলো ড্রাইভের সুব…
  • ১৯ আগস্ট ২০২৬
একজন শিক্ষক কি পরিমাণ ভয়ংকর হইতে পারেন সেটা চাক্ষুষ দেখলাম
  • ১৯ আগস্ট ২০২৬
চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্নহত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় একসঙ্গে প্রাণ হারালেন ৯ বাংলাদেশি
  • ১৯ আগস্ট ২০২৬