ভারতে মন্দিরে ট্রাকের ধাক্কা © টিডিসি ছবি
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরে পূজা দিতে আসা ভক্তদের ওপর উঠে গেছে ধানবোঝাই একটি ট্রাক। পরে ট্রাকটি মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দিলে দেয়ালের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় ১৫ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের মালিক ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে গোয়ালিয়রের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মধ্যে কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। নিহত সবাই গোয়ালিয়র ও আশপাশের জেলার বাসিন্দা।
গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, শনিবার রাতে সপ্তমী উপলক্ষে শীতলা মাতা মন্দিরে গোয়ালিয়র ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। ভিড়ের কারণে মন্দিরের আশপাশে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল।
তিনি বলেন, ‘রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে চিনোরের দিক থেকে ধানবোঝাই একটি ট্রাক আসছিল। পুলিশ ব্যারিকেডের কাছে ট্রাকটিকে থামানো হয়েছিল। কিন্তু ঢালু রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি রাস্তার পাশের দোকান ও ভক্তদের ওপর উঠে যায়।’
পুলিশ সুপার আরও জানান, ভক্ত ও দোকানের ওপর দিয়ে যাওয়ার পর ট্রাকটি ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দেয়। এতে ফটকের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচ থেকে ছয়টি প্রসাদ বিক্রির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটির ধাক্কায় প্রায় ৪১ জনের ওপর দিয়ে গাড়িটি চলে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ধসে পড়া দেয়ালের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন।
এ ঘটনায় ট্রাকের মালিক মোহিত সিং ও চালক দিলবাগ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্যালয়টি জানায়, ‘মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দুর্ঘটনায় প্রাণহানির খবর জেনে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক রুচিকা চৌহান জানিয়েছেন, আহতদের রেড ক্রসের তহবিল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসহায়তা নিশ্চিত করা হচ্ছে।