বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী © সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসে অবস্থান করেও দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নানা প্রতিকূলতার মধ্যেও তার নির্দেশনায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন শুধু জাতীয় পর্যায়েই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানবিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের প্রকোপসহ বিভিন্ন জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও জেডআরএফ তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইন সায়েন্স এক্সিবিশনসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে।
রিজভী আরও বলেন, দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম করতে কাজ করছে ফাউন্ডেশনটি। এসব উদ্যোগের মধ্য দিয়ে সংগঠনটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খান এবং দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।