ঢাবি ছাত্রী ধর্ষণ
নাজমুল হুদা © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ধর্ষণের মামলার এক আসামিকে ডিবি পরিচয়ে রাজধানী থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে মগবাজার এলাকা থেকে নাজমুল হুদা নামের ওই আসামিকে তুলে নিয়ে যাওয়া হয় বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন তার মা মাসুমা বেগম বকুল।
জানা গেছে, নাজমুল হুদা ওই মামলার ৫ নম্বর আসামি এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সহ-সভাপতি।
এ ব্যাপারে মাসুমা বেগম বকুল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ দুপুর ২টা ১০ মিনিটের দিকে মগবাজারের মডার্ন হারবালের অফিস থেকে নাজমুলকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। চাকরির একটি ইন্টারভিউ দেয়ার জন্য সে ওখানে গিয়েছিল বলে জানান তিনি।
এ ব্যাপারে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার বিষয়টা জানা নেই। তবে এখন ওর পরিবারের সাথে কথা বলে খোঁজ নিচ্ছি।
এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের এমন কোনো বিষয়ে জানা নেই।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে রাজধানীর লালবাগ থানায় মামলা করেন ঢাবির ওই ছাত্রী। এতে পরিষদের অব্যাহতি প্রাপ্ত আহবায়ক হাসান আল মামুনকে ১ নম্বর আসামি এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়।
পরদিন ওই ছাত্রী রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। দ্বিতীয় মামলায় ১ নম্বর আসামি সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। দুই মামলাতেই আসামি হিসেবে রয়েছেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা ও কর্মী আবদুল্লাহ হিল বাকি।
তবে ১৭ দিন পার হলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তিনি।