সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগে হাজারো যাত্রী

২২ অক্টোবর ২০২৬, ১১:৩০ PM
হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর © সংগৃহীত

সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। এ পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১৩৫টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, দাম্মাম রুটে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ ছাড়া রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে কয়েক দিন বন্ধ থাকার পর বুধবার দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল সংস্থাটি।

হামলায় আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। বুধবার রাতে বিমানবন্দরে হামলার ঘটনায় তাঁরা আহত হন।

চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ২৫ অক্টোবর থেকে চালুর ঘোষণা দেওয়া রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশে ছেড়ে যায়। ফিরতি ফ্লাইটটি তখনো আকাশে ছিল। বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইটটির শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে বিমান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে ৬২টি সরাসরি ফ্লাইট এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।

বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছে। এ বিষয়ে এয়ারলাইন্সটির পক্ষ থেকে নতুন কোনো হালনাগাদ তথ্য জানানো হয়নি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট চলাচল স্থগিত থাকায় সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। এ কারণে যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও সংশোধিত সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬