ঢাবিতে জুলাই বিপ্লবের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন রবিবার

১৭ জুলাই ২০২৬, ১০:৩৮ PM
জুলাই বিপ্লবের অনুষ্ঠান উপলক্ষে ডাকসুতে সংবাদ সম্মেলন

জুলাই বিপ্লবের অনুষ্ঠান উপলক্ষে ডাকসুতে সংবাদ সম্মেলন © সংগৃহীত

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী রবিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ জুলাই) ডাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, আরআইটির প্রতিনিধি ড. আকরাম। আরও উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ। 

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘জুলাই বিপ্লব ২০২৪-এর লিগ্যাসি: জবাবদিহি, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ’। জুলাই বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রভাব নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কী ধরনের সংস্কার প্রয়োজন, সে বিষয়েও মতবিনিময় করবেন দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি), ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের যৌথ আয়োজন ও সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের সঙ্গে আরও যুক্ত রয়েছে জাস্টিস ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, নাগরিক সমাজ এবং কমিউনিটিভিত্তিক অলাভজনক সংগঠন। 

সম্মেলনের উদ্বোধনী পর্বে জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম তার অনুভূতি ব্যক্ত করবেন। উদ্বোধনী বক্তব্য দেবেন আইসিজেআর-২-এর আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসাইন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সিরিয়াবিষয়ক প্রতিনিধি হুমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী। 

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৎকালীন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. ইউসুফ আলী, জুলাই আন্দোলনে হতাহতদের চিকিৎসাসেবায় যুক্ত অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে সম্মেলনে একটি বিশেষ প্রোটোকল সেশনও অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পাঁচটির বেশি প্যানেল আলোচনায় অংশ নেবেন, এতে ১৫ জনের বেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকার কথা রয়েছে। বক্তাদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. ওয়ারেসুল করিম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাকিয়ান ফখরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের শেহরীন আমিন ভূঁইয়া, এবং কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির ড. উসামা আল-আজামি।

প্রথম প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন আরআইটির চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। সম্মেলনের ঘোষণা উপস্থাপন করবেন কানাডার ইউনিভার্সিটি অব রেজিনার সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ এবং সমাপনী বক্তব্য দেবেন আরআইটির নির্বাহী পরিচালক ড. একরাম উদ্দিন। 

আয়োজকদের আশা, জুলাই বিপ্লবের অপূর্ণ কাজ, জবাবদিহি, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তথ্য ও গবেষণাভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে এ সম্মেলন।

ট্যাগ: ঢাবি
কুবিৃ ছাত্রী সুমাইয়া হত্যার ১০ মাস পরও শুরু হয়নি মামলার বিচ…
  • ১৭ জুলাই ২০২৬
শনিবার কক্সবাজারের ২ এলাকায় বিদ্যুৎ থাকবে না ৭ ঘণ্টা 
  • ১৭ জুলাই ২০২৬
আমানউল্লাহ আমানের পথে হাঁটতে যাচ্ছেন সাদিক কায়েম!
  • ১৭ জুলাই ২০২৬
আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • ১৭ জুলাই ২০২৬
এক বছরেও মেলেনি বিচার, সাজিদকে স্মরণ করে ক্ষোভ ইবি শিক্ষার্…
  • ১৭ জুলাই ২০২৬
ঢাবিতে জুলাই বিপ্লবের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন রবিবার
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence