ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থী © টিডিসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী বিনা মূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শুরু হয়ে এই সেবা চলবে বেলা ৩টা পর্যন্ত।
মেডিসিন, নিউট্রিশন, ডাইনোকলজি, ডার্মাটোলজি–এ চারটি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রেসক্রিপশন অনুযায়ী তাদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
সকাল ১০টায় উদ্বোধনী পর্বে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক)। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সফিকুল ইসলাম (প্রশাসন) ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরস আমেনা শাহীন। এতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন (অ্যাকাডেমিক) বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চাকসুর যৌথ উদ্যোগটি প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চিকিৎসাসেবায় সব ধরনের প্রয়োজন পূরণ করা সম্ভব হয় না। বিশেষ করে ছাত্রীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা সময়মতো সমাধান করা জরুরি। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিভিন্ন সংগঠনের এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক বলেন, ‘চাকসুর উদ্যোগে এর আগেও আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি। আগামীতে আমরা বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা চুক্তি হয়েছে, যাতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন টেস্টে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দিয়েছি।’
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা নির্বাচনের পর থেকে পাঁচ-ছয় ঘণ্টার বেশি ঘুমাতে পারি না। নির্বাচিত প্রতিনিধিদের ওপর শিক্ষার্থীদের অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও জবাবদিহির সঙ্গে পালন করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাই, প্রতিবছর যেন নিয়মিত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।’
চাকসুর এ ধরনের উদ্যোগকে খুবই প্রশংসনীয় বলে মনে করেন চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা।