ঢাবিতে জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন

০৭ এপ্রিল ২০২৬, ০২:০২ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ PM
প্রতিকৃতি উন্মোচন করা

প্রতিকৃতি উন্মোচন করা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলের ভূমিদাতা ও প্রখ্যাত শিক্ষানুরাগী কিশোরীলাল রায় চৌধুরীর নবনির্মিত প্রতিকৃতি এবং তাঁর স্মৃতিধন্য অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিকৃতি উন্মোচন করা হয়। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ অর্থায়নে এই প্রতিকৃতিটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিকৃতি ও অডিটোরিয়ামের উদ্‌বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরি। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা কিশোরীলাল রায় চৌধুরীর অবদানের কথা স্মরণ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন এই হলের প্রতিষ্ঠায় তাঁর দান অনন্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি, গুলশান বাণী পূজা ফাউন্ডেশনের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রায় চৌধুরি পরিবারের সদস্য ভারতী রানি রায় চৌধুরীসহ হল শাখা ছাত্রদল ও হল সংসদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৮৪৮ সালে মানিকগঞ্জের বালিয়াটির এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন কিশোরীলাল রায় চৌধুরি। শিক্ষানুরাগী এই ব্যক্তিত্ব তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর স্মৃতি রক্ষার্থে ১৮৮৪ সালে জগন্নাথ কলেজ ও পরবর্তীতে জগন্নাথ হল প্রতিষ্ঠার জন্য ভূমি দান করেন। ১৯২৫ সালে তাঁর মহাপ্রয়াণ ঘটলেও দেশের শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান আজও অম্লান হয়ে আছে। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬