ডাকসু নির্বাচন না দেয়ায় ঢাবি উপাচার্যসহ ৩ জনকে আইনি নোটিশ © ফাইল ফটো
৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেয়ার আদালতের নির্দেশনা অমান্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ ৩ জনকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেটর মনজিল মোরসেদ।
নোটিশে বলা হয়, আগামি ৭ দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা না হলে তিন জনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ডাকসু নির্বাচনের বিধান থাকলেও ২২ বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় জনস্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন ছাত্রের পক্ষে ২০১২ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে একটি রিট পিটিশন দায়ের করলে ঐ বছরের ৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চায়।
দীর্ঘ শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খান এ বছরের ১৭ জানুয়ারি রুল এ্যাবসলিউড করে রায় দেন।
আদালত অপর এক নির্দেশে বিবাদিদেরকে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন এবং প্রয়োজনে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে স্বরাষ্ট মন্ত্রনালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
আদালতের উক্ত রায়ের কপি সংশ্লিষ্ট বিবাদির নিকট প্রেরণ করা হয় এবং উক্ত রায়ের সার্টিফাইড কপি আইনজীবির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট প্রেরণ করা হয়। এ বছরের ৪ এপ্রিল তা গ্রহণ করা হয়। তা স্বত্বেও আদালতের নির্দেশনা অনুসারে নির্বাচনের জন্য কোন পদক্ষেপ গ্রহণ না করায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি এবং ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিনকে আজ পোস্টে আদালত অবমাননার নোটিশ পাঠান এডভোকেট মনজিল মোরসেদ।