টিএসসি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। © টিডিসি ফটো
২০০৭ সালে সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষকদের উপর নির্যাতনের দিনকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়টিতে কালো দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কারা নির্যাতিত শিক্ষক ও মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের পক্ষ থেকে অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দসহ প্রমুখ বক্তব্য রাখেন।
২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে প্রতিবছর ২৩ আগস্ট বিশ^বিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হয়ে থাকে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ঈদ-উল-আযহা’র বন্ধ থাকায় ৩ সেপ্টেম্বর কালো দিবসের কর্মসূচী গ্রহণ করা হয়।
আলোচনা সভায় নির্যাতিত একজন ছাত্র ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন। আলোচনা সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ইতিহাসের একটি চলমানতা আছে এবং সেই লক্ষে নতুন প্রজন্মকে সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৭ সালের এই দিনে বিশ্ববিদ্যালয় পরিবার তথা আবাসিক ছাত্রদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে এবং চারজন শিক্ষককেও গ্রেফতার করা হয়েছিল। কোন প্রতিষ্ঠানের উপর আঘাত কোনভাবেই আমাদের কাম্য নয়।
উপচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এই বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সুতিকাগার। স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি কিংবা অগণতান্ত্রিক যেকোন কিছুর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সাহসী কথা বলার ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে।
উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি মানবতাবাদী ও উদার নৈতিক-- যা সবসময়ই জয়ী হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা নিজ নিজ অবস্থানে কাজ করব এটিই হোক আজকের দিনের প্রত্যয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ‘২০০৭ সালের ২৩ আগস্ট সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনের বিচারের দাবীতে’ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এছাড়া, কালো দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা কালো ব্যাজ ধারণ করেন।