অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষকবৃন্দের মানববন্ধন © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কালো দিবস’ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকবৃন্দের ব্যানারে অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় ২০০৭ সালে সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর অমানবিক নির্যাতনের বিচার দাবি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. সামাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল, মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া প্রমূখ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আগস্ট আন্দোলনের আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক ড. শফিক উজ জামান। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপস্থিত বক্তরা আগস্ট আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উপর নির্যাতনে জড়িতদের শাস্তি দাবি করেন।
‘কালো দিবস’ উপলক্ষে সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিসসমূহ স্থগিত থাকবে। দুপুরে টিএসসি মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা কালো ব্যাজ ধারণ করেন।
প্রসঙ্গত, এ দিবসটি ২৩ আগষ্ট পালিত হলেও এ বছর ওই সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ঈদ-উল-আযহা উপলক্ষে বন্ধ থাকায় ৩ সেপ্টেম্বর সোমবার পালনের সিদ্ধান্ত নেয়া হয়।