এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নজর ইউজিসির

০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ PM
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ © সংগৃহীত

আগামী পাঁচ বছরে দেশে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে চায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা, যৌথ গবেষণায় অর্থায়ন বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর কার্যালয় (টেকনোলজি ট্রান্সফার অফিস—টিটিও) প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে ব্যবসায়িক উদ্যোগে রূপ দিতে স্টার্টআপ ইনকিউবেটর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে (আইআইইউসি) তিন দিনব্যাপী ‘পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি কেবল গবেষণাপত্র লেখা, পর্যালোচনা ও প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। গবেষণার ফলাফলকে বাস্তব জীবনের সমস্যা সমাধান, প্রযুক্তির উদ্ভাবন এবং শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজে লাগাতে হবে। গবেষণার সাফল্য শুধু প্রকাশনা বা উদ্ধৃতির সংখ্যা দিয়ে মূল্যায়ন না করে নতুন প্রযুক্তি উদ্ভাবন, কার্যকর নমুনা প্রযুক্তি (প্রোটোটাইপ) তৈরি এবং মেধাস্বত্ব সংরক্ষণের মাধ্যমেও মূল্যায়ন করতে হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রযুক্তি, সফটওয়্যার ও পরামর্শসেবার জন্য এখনো অনেকাংশে বিদেশের ওপর নির্ভরশীল। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এসব সমস্যার দেশীয় সমাধান দেওয়ার সক্ষমতা রয়েছে। চট্টগ্রাম বন্দরের সরবরাহব্যবস্থার স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, তৈরি পোশাক কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার দক্ষতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলোতে দেশীয় গবেষকদের কাজ করার সুযোগ রয়েছে।

এ ধরনের সমস্যা সমাধানে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষকদেরও গবেষণাগারের গণ্ডি পেরিয়ে শিল্পকারখানায় যেতে হবে। শিল্পের বাস্তব চাহিদা ও সমস্যাগুলো চিহ্নিত করে সেসবের কার্যকর প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠলে গবেষণার ফলাফল সরাসরি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব হবে।

অধ্যাপক মামুন আহমেদ জানান, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পরিচালিত ব্যবহারিক গবেষণায় অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিজ্ঞানীদের আন্তর্জাতিক পর্যায়ের উন্নত গবেষণাগার ও গবেষণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক গবেষণা, উদ্ভাবনের জ্ঞান ও প্রযুক্তি দেশের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর কার্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এসব কার্যালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তির মেধাস্বত্ব সংরক্ষণ, পেটেন্ট গ্রহণ এবং শিল্পপ্রতিষ্ঠানকে প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়ার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টার্টআপ ইনকিউবেটর প্রতিষ্ঠায় কৌশলগত অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর, তরুণ উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনেও গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, লাইট ইঞ্জিনিয়ারিং এবং জীবপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশীয় সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য জাতীয় উদ্ভাবন নীতির দিকনির্দেশনা অনুসরণ এবং গবেষণা, শিল্প ও উদ্যোক্তা খাতের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসমত আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার ড. আজনি হাসিলিজান বিনতে আবি হালিম, আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া, আইআইইউসির অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ, অধ্যাপক ড. শিকদার সানবিম ইসলাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

এ সময় সম্মেলনের আয়োজক কমিটির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

এনবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ কারদার-রাইসুল হক চ…
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নীতিমালায় দুই পরিবর্তন চায় মাউশি
  • ০৮ নভেম্বর ২০২৬
এনএসইউতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আন্ডারগ্র্যাজুয়…
  • ০৮ নভেম্বর ২০২৬
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপ…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকসই সয়াবিন উৎপাদনে গাকৃবি এবং জাপানের জিরকাসের মধ্যে গবেষ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950