শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির পাঠশালায়: চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একাডেমিক ট্যুর

শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির পাঠশালায়: চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একাডেমিক ট্যুর

শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির পাঠশালায়: চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একাডেমিক ট্যুর © লেখকের সেীজন্যে

শিক্ষাকে শুধু বইয়ের পাতায় কিংবা শ্রেণিকক্ষের চার দেয়ালের ব্যাকরণ কাঠামোয় বন্দী রাখা যায় না। ফরাসি দার্শনিক রুশোর সেই কালজয়ী উক্তি যেন বারবার মনে করিয়ে দেয়—প্রকৃতিই হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। সেই চিরন্তন সত্যকে বুকে ধারণ করেই ‘Travel to learn, United to thrive’ এই মূলমন্ত্রে আমরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এম. এড (২০২৩-২০২৪ সেশন, অষ্টম ব্যাচ)-এর শিক্ষার্থীরা ডানা মেলেছিলাম ২ রাত ৩ দিনব্যাপী এক রোমাঞ্চকর বার্ষিক একাডেমিক সফরে।

গত ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত এই সফরের পূর্বনির্ধারিত গন্তব্য ছিল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। কিন্তু, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে জাহাজ চলাচল বন্ধ থাকায় নিরাপত্তার স্বার্থে সেন্টমার্টিন যাত্রা বাতিল করা হয় এবং পরবর্তীতে পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকত কক্সবাজারেই ভ্রমণ কার্যক্রম পরিচালিত হয়। আমাদের এই যাত্রার অভিভাবক ও দিশারি হিসেবে সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন স্যার এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমির উদ্দীন স্যার। আর পুরো সফরটি সুদক্ষভাবে পরিচালনার জন্য ট্যুর ম্যানেজারের দায়িত্ব পালন করেন আমাদের সহপাঠী জসিম উদ্দিন।

২০ নভেম্বর শুক্রবার ভোর পাঁচটায় চট্টগ্রামের ষোলোশহর জংশন স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয়। ভোরের আলো ফোটার আগেই শিক্ষার্থীরা একে একে স্টেশনে জড়ো হতে থাকে। কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, আবার কেউ শহরের বিভিন্ন প্রান্ত থেকে। নির্ধারিত সময়ে ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনে করে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের আনন্দময় যাত্রা শুরু হয়। ট্রেনের জানালা দিয়ে ভোরের প্রকৃতি দেখতে দেখতে এবং সহপাঠীদের গান-আড্ডায় মেতে সকাল ১০টায় আমরা কক্সবাজার পৌঁছাই।

কক্সবাজারে পৌঁছে হোটেলে চেক-ইন করে প্রথমদিন দুপুরের খাবার সেরে নেই হোটেল জামানে। বিকেলের দিকে আমরা চান্দের গাড়িতে চড়ে মেরিন ড্রাইভের আঁকাবাঁকা ও সরু পথ ধরে এগিয়ে চলি। একপাশে সুউচ্চ সবুজ পাহাড় আর অন্যপাশে বিশাল নীল সমুদ্রের অপূর্ব মেলবন্ধন দেখতে দেখতে বন্ধুদের সমবেত কণ্ঠে জমে ওঠে দলীয় সংগীত। সেই সুরের মূর্ছনায় আমরা ইনানী ও পাটুয়ারটেক সৈকতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করি। পাশাপাশি কাঁকড়া বিচ ও বাইল্যাখালী লাল কাঁকড়া বিচের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের দারুণভাবে বিমোহিত করে।

সন্ধ্যায় ফিরে রাতের খাবার খেয়ে সবাই কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে ঘুরতে যাই। সেখানে ঝাউবনের বাতাসের শব্দের সাথে গিটারের সুর ও কবিতা আবৃত্তিতে জমে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা, যা শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার প্রথাগত দূরত্বের প্রাচীর ভেঙে এক পরম পারিবারিক বন্ধন তৈরি করে।

সাগরকন্যা কক্সবাজারের এই সফর কেবল কোনো প্রমোদভ্রমণ ছিল না; একাডেমিক সফরের অংশ হিসেবে আমরা প্রত্যক্ষ করেছি উপকূলীয় জীববৈচিত্র্য, পাহাড় ও সমুদ্রের ভৌগোলিক পরিবেশ, স্থানীয় রাখাইন সংস্কৃতি এবং উপকূলবাসীর জীবনসংগ্রামের নানা দিক। 

পরদিন সকালের নাস্তা সেরে কক্সবাজারের ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট ও শুঁটকি পল্লিতে ঘুরতে যাই এবং প্রয়োজনীয় কেনাকাটা করি। এছাড়া সমুদ্রস্নান, ঝিনুক কুড়ানো ও ছবি তোলাসহ নানারকম আয়োজনে পুরো সফরটি হয়ে ওঠে উৎসবমুখর। বিকেলে হোটেল ইম্পালস ওশান ভিউতে আনন্দঘন পরিবেশে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সফরের শেষ দিন সন্ধ্যা ৫টা ১৫ মিনিটের দিকে আমরা বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। যাত্রাপথে হালকা নাস্তা সেরে, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আমাদের বাসটি শহরের মুরাদপুর এলাকায় পৌঁছায় এবং সবাই সেখান থেকে নিরাপদে যার যার বাসায় ফিরে যাই।

সফর সম্পর্কে শিক্ষকবৃন্দ জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পড়াশোনার পাশাপাশি এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক। ‘শিক্ষার্থীকেন্দ্রিক শিখন কেবল বইয়ে সীমাবদ্ধ নয়, বিশ্বকে দেখার ও জানার চোখ তৈরি করাটাই শিক্ষার আসল উদ্দেশ্য’—স্যারদের এই কথার গভীরতা কক্সবাজারের সুনীল জলরাশির তীরে দাঁড়িয়ে আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি। ঘূর্ণিঝড়ের কারণে সেন্টমার্টিন যাওয়া সম্ভব না হলেও কক্সবাজারের সাগর ও পাহাড়ের মেলবন্ধন, প্রিয় শিক্ষকদের অভিভাবকত্ব এবং বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ট্যুরটি আমাদের শিক্ষা জীবনে এক চিরসবুজ ও অমলিন স্মৃতি হয়ে থাকবে।

রয়টার্স আসলে কী বলছে, প্রতিবেদকের পরিচয় কী— ক্ষোভ ঝাড়লেন প…
  • ২৪ নভেম্বর ২০২৬
৩৬ বছরে পদার্পণ করছে খুলনা বিশ্ববিদ্যালয়
  • ২৪ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের মহসিন কলেজে শিবির-ছাত্রশক্তি উত্তেজনা— ‘শিবিরের…
  • ২৪ নভেম্বর ২০২৬
আরও এক রাষ্ট্রদূতকে প্রত্যাহার 
  • ২৪ নভেম্বর ২০২৬
নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক পেলেন মেরিটাইম ইউনিভার্স…
  • ২৪ নভেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের আগে বিধিমালা সংশোধন নিয়ে যা বললেন শিক্ষামন্ত…
  • ২৪ নভেম্বর ২০২৬